প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬ ১৯:৩৬ পিএম
স্বর্ণালংকার। ফাইল ফটো
দেশের বাজারে স্বর্ণ ও রৌপালংকারের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) দাম হ্রাস পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন এই মূল্য বৃহস্পতিবার থেকে কার্যকর হবে। এদিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাজুস জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ৩টা ৩০ মিনিটে ‘বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং’-এর এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সর্বসম্মতিক্রমে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত হয়।
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে হলমার্ককৃত ২২ ক্যারেট ক্যাডমিয়াম স্বর্ণের প্রতি গ্রামের মূল্য হবে ২১,১৭০ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণ ২০,২০৫ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণ ১৭,৩২০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১৪,১০৫ টাকা প্রতি গ্রাম দরে বিক্রি হবে।
স্বর্ণের পাশাপাশি কমেছে রূপার দামও। এখন থেকে ২২ ক্যারেট ক্যাডমিয়াম রৌপ্যের প্রতি গ্রামের মূল্য ৪৬০ টাকা, ২১ ক্যারেট ৪৪০ টাকা, ১৮ ক্যারেট ৩৮০ টাকা এবং সনাতন পদ্ধতির রৌপ্যের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৮৫ টাকা।
বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং-এর চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত দেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন মূল্য তালিকা কার্যকর থাকবে।
অলংকার ক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট প্রদান বাধ্যতামূলক এবং জুয়েলারি প্রতিষ্ঠানগুলোকে সেই ভ্যাট সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে বিশেষভাবে মনে করিয়ে দেওয়া হয়েছে।