প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬ ২১:১৬ পিএম
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে সোহাগ নামে এক যুবক নিহত হয়েছেন। ছবি: ফেসবুক থেকে
ঢাকার সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে সোহাগ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা এক নারীসহ দুজন গুরুতর আহত হয়েছেন। পানিতে ডুবে নিখোঁজ রয়েছেন অন্তত তিনজন যাত্রী।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. ফয়সাল আহমেদ বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা জানান, বুধবার বিকাল ৫টার দিকে সদরঘাট টার্মিনাল থেকে একটি লঞ্চ ছেড়ে যাওয়ার সময় পেছন থেকে আরেকটি লঞ্চ এসে ধাক্কা দেয়। দুই লঞ্চের মধ্যে চাপা পড়ে একটি ইঞ্জিনচালিত নৌকা। এতে একজন নিহত হন এবং পানিতে পড়ে নিখোঁজ হেন আরও ৩ জন।
প্রত্যক্ষদর্শী নর আলম বলেন, “ট্রলারটিতে ৭-৮ জন যাত্রী ছিলেন। লঞ্চের ধাক্কায় নৌকাটি দুই লঞ্চের মাঝখানে পড়ে যাওয়ার পর যাত্রীদের কাউকেই খুঁজে পাওয়া যায়নি। তিনজন যাত্রী নিখোঁজ আছেন বাকিরা অন্যান্য নৌকার সাহায্যে তীরে এসেছেন”।
দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা এক নারীসহ দুজন গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন এবং পরবর্তীতে হাসপাতালে পাঠানো হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অন্তঃসত্ত্বা নারীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ফায়ার সার্ভিস জানায়, সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কাজ শুরু করে। আহতদের হাসপাতালে পাঠানোর পর হাসপাতালের চিকিৎসকরা জানান, আহতদের শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে অন্তঃসত্ত্বা নারীর অবস্থা কিছুটা গুরুতর।
কোতোয়ালি থানার এসআই কাজী সজীব আহমেদ বলেন, “পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। যদি লঞ্চগুলোর চালক বা সংশ্লিষ্টদের অবহেলার প্রমাণ পাওয়া যায়, তবে আইনি ব্যবস্থা নেওয়া হবে”।
ওসি শাহ মো. ফয়সাল আহমেদ বলেন, “পুলিশ এই ঘটনায় প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে এবং সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে”।
নৌ থানার ওসি সোহাগ রানা এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে পুলিশের আরো তৎপর হওয়ার কথা জানিয়েছেন।