বাসস
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬ ১৫:৫০ পিএম
আপডেট : ১৭ মার্চ ২০২৬ ১৫:৫০ পিএম
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির মঙ্গলবার সকালে ঢাকার গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : বাসস
ঈদযাত্রা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্ন করতে পুলিশের সব ইউনিটের ফোর্স মাঠে মোতায়েন থাকবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, অন্যায়ের সঙ্গে কোনো আপস করা হবে না।
ঢাকর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে মঙ্গলবার সকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, “ঈদযাত্রায় ঘরমুখো মানুষের অনেক সমস্যা হয়। সড়কে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। অনেকে ঈদের আগের দিন রওয়ানা দিয়েও ঠিক সময়ে বাড়িতে পৌঁছাতে পারেন না”।
তিনি জানান, এ বছর ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যাত্রী হয়রানি বন্ধ, টিকিটের অতিরিক্ত মূল্য আদায় রোধ এবং সড়কে যানজট কমাতে সরকারের পক্ষ থেকে সমন্বয় সভা করা হয়েছে।
তিনি আরও জানান, সড়ক ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে পুলিশ গুরুত্ব সহকারে কাজ করছে। অনেক সময় চালক ও হেলপাররা ট্রাফিক আইন মানেন না। তারা সচেতন হলে যানজট অনেকাংশে কমানো সম্ভব।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “টার্মিনালকেন্দ্রিক মাদকসেবী, ছিনতাইকারীরা আছে, সব ধরনের লোকই এখানে আছে। এজন্য ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করার জন্য সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে”।
অবৈধ বাস কাউন্টারের বিষয়ে তিনি বলেন, “ঢাকা শহরের ভেতর দূরপাল্লার কোনো বাস কাউন্টার থাকতে পারবে না। এটা দূর করার জন্য আমাদের সবার প্রচেষ্টা দরকার। আইনের মাধ্যমে আমরা এসব দূর করবো”।
পরিদর্শনকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।