প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬ ১৭:৩০ পিএম
এআই
ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকার বনানীতে অবস্থিত ক্লাব নটরডেমিয়ান্সে আয়োজন করা হয়েছে ‘সিএনবিএল মেহেদি নাইট’। চাঁদরাতে সন্ধ্যার পর থেকে রাত ১২টা পর্যন্ত চলবে এই আয়োজন।
নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থীদের এই ক্লাবে নারী ও তিন বছর বা তার বেশি বয়সী শিশুদের জন্য বিশেষ মেহেদি ডিজাইনের ব্যবস্থা রাখা হয়েছে।
আয়োজকরা জানান, প্রথমবারের মতো এই আয়োজন করা হচ্ছে, যেখানে দেশের নামকরা মেহেদি ডিজাইনাররা আগত অতিথিদের হাতে মেহেদি দেবেন।
যদিও অনুষ্ঠানটি মূলত ক্লাব সদস্য ও তাদের পরিবারের জন্য, তবে সদস্যদের সঙ্গে অংশ নিতে পারবেন অতিথিরাও।
আয়োজক সূত্রে জানা গেছে, এক হাতের অর্ধেক মেহেদি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। এছাড়া অন্যান্য ডিজাইনের জন্য নির্ধারিত মূল্য রাখা হয়েছে। এক হাত পুরো রাঙাতে ৫০০ টাকা, দুই হাতের জন্য ৮০০ টাকা এবং দুই হাতের অর্ধেক রাঙাতে ৬০০ টাকা দিতে হবে। মেহেদি ডিজাইনের মূল্য অনুষ্ঠানস্থলেই পরিশোধ করতে হবে।
অংশগ্রহণকারীদের সুবিধার্থে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সেবা প্রদান করা হবে। আগ্রহীদের ১৮ মার্চের মধ্যে প্রি-বুকিং সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।
এতে অংশ নিতে সদস্যদের জন্য নিবন্ধন ফি ২০০ টাকা, দম্পতির জন্য ৩৫০ টাকা এবং প্রতিটি অতিথির জন্য ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। রেজিস্ট্রেশন ফি ক্লাব কার্যালয়ের বিকাশ নম্বরের মাধ্যমে পরিশোধ করা যাবে।