বিশেষ প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬ ০৮:৪১ এএম
সংসদ ভবন। ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। দুই দিন বিরতির পর আজ রোববার বেলা ১১টায় সংসদের অধিবেশন পুনরায় বসবে। এদিন রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করা হবে। আজকের পর অধিবেশন ২৮ মার্চ পর্যন্ত মুলতবি করা হবে। এরপর ২৯ মার্চ শুরু হয়ে চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।
ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, প্রথম অধিবেশনে কী কী উত্থাপন হবে, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সংস্কার বিষয়ে সংসদে ফয়সালা হবে বলেও জানান মন্ত্রী।
এর আগে, সাড়ে ১২টায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কার্য-উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কার্যসূচি ও সময়সীমা নিয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ৩টায় অধিবেশন শুরু হবে এবং ৩০ এপ্রিল অধিবেশন সমাপ্ত হবে।
এ ছাড়া রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে। প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৮টি ও অন্যান্য মন্ত্রীর জন্য ৪৬০টিসহ মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে। এ ছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ২৭টি নোটিস এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ৯৭টি নোটিস পাওয়া গেছে।
বৈঠকে কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, এমপি; ড. খন্দকার মোশাররফ হোসেন, এমপি; স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমপি; অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এমপি; চিফ হুইপ মো. নূরুল ইসলাম, এমপি; আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এমপি; এ টি এম আজহারুল ইসলাম, এমপি; বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, এমপি এবং মুহাম্মদ নওশাদ জমির, এমপি উপস্থিত ছিলেন। এ ছাড়াও বৈঠকে স্পিকারের বিশেষ আমন্ত্রণে অংশগ্রহণ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি।