প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬ ২১:৪০ পিএম
আপডেট : ১৪ মার্চ ২০২৬ ২১:৪২ পিএম
ঢাকার গুলশান শুটিং ক্লাবে ‘বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি, ঢাকা’ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অতিথি ও অংশগ্রহণকারীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বিগত ১৭ বছর বগুড়ার উন্নয়নে কেবল ঘোষণাই হয়েছে, বাস্তবে কোনো প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, শুধু বগুড়া নয়, দেশের প্রতিটি জেলার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান সুদূরপ্রসারী পরিকল্পনা করে রেখেছেন। ধৈর্য ধরে এগিয়ে চললে বগুড়া একটি ‘মডেল সিটি’ হিসেবে গড়ে উঠবে।
ঢাকার গুলশান শুটিং ক্লাবে শনিবার ‘বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি, ঢাকা’ আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
আতিকুর রহমান রুমন বলেন, “বগুড়া থেকে ঢাকায় যাতায়াত সহজ করার জন্য ট্রেন সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে। এতে উত্তরাঞ্চলের জেলাগুলোর সাথে ঢাকায় যাতায়াত সহজ হয়ে যাবে”।
বগুড়াকে ‘মডেল সিটি’ হিসেবে গড়ে তুলতে বগুড়াবাসীর কাছে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার সভাপতি মারুফা রহমান বলেন, “শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিগত কয়েকবছর আমাদের বগুড়া অবহেলিত ছিল। আমরা বলছিনা আমরা সব চাই। বগুড়াসহ অবহেলিত জেলাগুলোকে এগিয়ে নিতে আমরা সরকারকে সহযোগিতা করবো। আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের বগুড়াকে এগিয়ে নিয়ে যাবো”।
এ সময় প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব সুজন মাহমুদ, বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার উপদেষ্টা সংগীতশিল্পী খুরশীদ আলম, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, রুমানা মোর্শেদ কনকচাঁপা, সুরকার ও সংগীত পরিচালক মইনুল ইসলাম খান,সহ-সভাপতি আদনান আজাদসহ সংগঠনের সদস্য ও বগুড়ার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।