প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬ ১৩:৪৪ পিএম
আপডেট : ১৩ মার্চ ২০২৬ ১৪:০০ পিএম
বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এ সময় নতুন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও সেখানে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তারা কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা সম্মুখযুদ্ধে অংশ নিয়ে দেশকে দখলমুক্ত করেছি। আর খালেদা জিয়া অসীম ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
স্পিকার আরও বলেন, দেশের মানুষ বিএনপিকে বিপুল সমর্থন দিয়ে বিজয়ী করেছে, যা গণতন্ত্রের পথকে আরও সুগম করবে।
সংসদে সরকার ও বিরোধী দলের সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে তারা দলীয় পদ থেকে সরে এসে স্পিকার ও ডেপুটি স্পিকারের দায়িত্ব গ্রহণ করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব, সার্জেন্ট অ্যাট আর্মসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।