লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬ ১২:২০ পিএম
পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি শুক্রবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার রহমতখালী খাল, ওয়াপদা খাল, জকসিন খাল ও মান্দারী খাল পরিদর্শন করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দেশের খাল–নদী ও জলসম্পদ ব্যবস্থাপনায় দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, গত ১৭ বছরে জমে থাকা সমস্যা ও দখলদারির কারণে খালগুলো নষ্ট হয়ে গেছে—এগুলো পরিষ্কার করে জনগণের কাজে লাগাতে সরকার উদ্যোগ নিয়েছে।
বিএনপির যুগ্ম মহাসচিবের দায়িত্বে থাকা এই মন্ত্রী শুক্রবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার রহমতখালী খাল, ওয়াপদা খাল, জকসিন খাল ও মান্দারী খাল পরিদর্শনকালে এ সব কথা বলেন।
পরিদর্শনকালে তিনি বলেন, ১৭ বছর এ দেশে নির্বাচিত সরকার ছিল না। এই সময়ের জমে থাকা জঞ্জাল আমাদেরই পরিষ্কার করতে হবে। আমরা নির্বাচিত সরকার হিসেবে তারেক রহমানের নেতৃত্বে সব বিভাগ ও দপ্তরের সমন্বয়ে কাজ করছি।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারুল উপজেলার সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। এর মাধ্যমে সারাদেশে খাল খনন কার্যক্রম শুরু হবে।
পানিসম্পদ মন্ত্রী এ্যানি বলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার কয়েকটি খাল পরিদর্শনে দেখা গেছে, অনেক জায়গায় খাল দখল হয়ে গেছে এবং বিভিন্ন স্থানে ময়লা–আবর্জনায় ভরে গেছে। এসব অপসারণ না করলে খাল খননের সুফল পাওয়া যাবে না।
তাই খাল খননের পাশাপাশি অবৈধ দখল উচ্ছেদ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে স্থানীয়দের সহযোগিতাও কামনা করেন তিনি।
তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা ও প্রশাসনের সমন্বিত উদ্যোগে খালগুলো পুনরুদ্ধার করা সম্ভব হবে এবং এর সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যাবে।