আসাদুজ্জামান সম্রাট
প্রকাশ : ১২ মার্চ ২০২৬ ০৮:১৬ এএম
সংসদ ভবন। ফাইল ছবি
গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের অধীনে স্বচ্ছ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে গণতন্ত্রের পথে হাঁটছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার বেলা ১১টায় শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনে বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে জাতীয় সংসদের এ অধিবেশন বসছে সভাপতি ছাড়াই। তবে সভার শুরুতে সংসদ নেতা আজকের সভায় সভাপতিত্ব করার জন্য একজনের নাম প্রস্তাব করবেন। হাউস থেকে সম্মতি পাওয়া গেলে তিনি সংসদের স্পিকারের আসনে বসবেন এবং স্পিকার নির্বাচন পরিচালনা করবেন। স্পিকার নির্বাচনের পর সংসদ মুলতবি হয়ে যাবে। রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণের পর স্পিকার সংসদে আসন গ্রহণ করবেন এবং সংসদ অধিবেশন আবার শুরু হলে ডেপুটি স্পিকার নির্বাচন হবে। এরপর স্বাভাবিক নিয়মে অধিবেশন চলতে থাকবে।
প্রথম অধিবেশন হওয়ায় আজ অধিবেশনের শুরুতেই স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন হবে। ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে ডেপুটি স্পিকার পদটির প্রতিনিধিত্ব করার জন্যে জামায়াতে ইসলামীকে প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু জামায়াত জানিয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা ডেপুটি স্পিকার পদটি নিতে রাজি নন। উল্লেখ্য, জুলাই সনদে সংসদের দুটি কক্ষেই ডেপুটি স্পিকারের একটি করে পদে বিরোধী দলের প্রতিনিধিত্ব করার কথা রয়েছে। এমন প্রেক্ষাপটে গতকাল বুধবার জাতীয় সংসদে সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার পদে মনোনয়নের দায়িত্ব সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেওয়া হয়েছে। গতকাল দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের শেষে সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এ তথ্য জানান।
২০২৬ সালের প্রথম এবং প্রথা অনুযায়ী শীতকালীন অধিবেশন হওয়ায় জাতীয় সংসদে বর্ষশুরুর ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে আপত্তি তুলে জামায়াতে ইসলামী জানিয়েছে, বিগত আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া রাষ্ট্রপতি ভাষণ দিতে পারেন না।
নিয়ম অনুযায়ী আজ প্রথম অধিবেশনেই সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের সময় জারি হওয়া ১৩৩টি অধ্যাদেশ অনুমোদনের জন্য সংসদে উত্থাপন করা হবে। পরে এগুলো যাচাই-বাছাইয়ের লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হবে। এ ছাড়া কার্য উপদেষ্টা কমিটি, সংসদ কমিটিসহ অত্যাবশ্যকীয় কয়েকটি কমিটিও গঠন করা হবে। সর্বশেষে রাষ্ট্রপতি তার বর্ষ শুরুর ভাষণ দেবেন।
চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, অধ্যাদেশগুলো আইনমন্ত্রী উপস্থাপন করবেন। ২০২৪ সালের কর্মকমিশনের প্রতিবেদন উত্থাপন করা হবে এবং এরপরে সংসদ নেতা বক্তব্য রাখবেন। সংসদের বিজনেস অ্যাডভাইজরি কমিটি, বিশেষ কমিটি, প্রিভিলেজ কমিটি, সংসদ কমিটিÑ এসব কমিটি করারও চেষ্টা করা হবে। সংসদ উপনেতার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান তিনি।
জাতীয় সংসদের অধিবেশনকে কেন্দ্র করে সংসদ ভবন ও সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ওই এলাকায় মিছিল, সমাবেশসহ অস্ত্র বহনও নিষিদ্ধ করা হয়েছে।