প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬ ১৭:৫৪ পিএম
ঈদুল ফিতর সামনে রেখে রাজধানীর বাজারগুলোতে বাড়ছে ইমিটেশন অলঙ্কারের চাহিদা। ফুটপাত থেকে শুরু করে বড় বড় শপিংমল। সব জায়গাতেই এখন নারী ক্রেতাদের ভিড় চোখে পড়ছে। সোনার দামের লাগাতার ঊর্ধ্বগতির কারণে অনেকেই এখন উৎসবের কেনাকাটায় সোনার পরিবর্তে ইমিটেশন গয়নার দিকে ঝুঁকছেন বলে জানিয়েছেন বিক্রেতারা।
বিক্রেতারা জানান, ঈদ উপলক্ষে নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের ইমিটেশন গয়না বাজারে এসেছে। কানের দুল, নাকের ফুল, চেইন, বেসলেট, বালা ও আঙটির মতো নানা অলঙ্কারে এখন ক্রেতাদের আগ্রহ বেশি। দাম তুলনামূলক কম হওয়ায় স্বল্প আয়ের মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত পরিবারের নারীরাও সহজেই এসব গয়না কিনতে পারছেন। ফলে ঈদের কেনাকাটায় ইমিটেশন অলঙ্কার এখন অনেকের প্রথম পছন্দ হয়ে উঠেছে।
রাজধানীর যমুনা ফিউচার পার্ক এলাকা, বসুন্ধরা গেট এবং আশপাশের ফুটওভারব্রিজের ফুটপাত ঘুরে দেখা যায়, সারি সারি দোকানে সাজানো রয়েছে নানা ধরনের ইমিটেশন গয়না। প্রতিটি দোকানের সামনে নারী ক্রেতাদের ভিড়। কেউ নাকের ফুল, কেউ কানের দুল আবার কেউ হাতের বালা বা গলার চেইন পছন্দ করছেন। অনেকেই হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে দামাদামি করে কিনছেন।
বসুন্ধরা গেটের সামনে ফুটওভারব্রিজের ওপর ইমিটেশন গয়নার দোকান বসিয়েছেন সাইফুল নামের এক বিক্রেতা। দোকানের সামনে বিভিন্ন ধরনের দুল, চেইন ও বেসলেট সাজিয়ে রেখেছেন তিনি। তিনি বলেন, ঈদের বাজার শুরু হওয়ার পর থেকেই বিক্রি ভালো। ইফতারের আগে আর রাতের দিকে ক্রেতাদের ভিড় সবচেয়ে বেশি থাকে। এবার নতুন অনেক ডিজাইনের মাল তুলেছি। আগের তুলনায় ক্রেতাও বেশি আসছে। কিছু আইটেমের দাম একটু বেড়েছে, কিন্তু ভালো মানের পণ্যের জন্য মানুষ কিনছে।
বিক্রেতাদের মতে, আগে যেসব গয়না ১০০ থেকে ১২০ টাকার মধ্যে বিক্রি হতো, সেগুলোর দাম এখন কিছুটা বেড়েছে। তবে দাম বাড়লেও ক্রেতাদের আগ্রহ কমেনি। এখন ৩০ বা ২৫ জোড়া কানের দুলের বক্স পাওয়া যাচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকার মধ্যে। ভালো মানের হাতের চুরি ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
শুধু তরুণী বা নারীরাই নন, অনেক অভিভাবকও তাদের সন্তানদের জন্য এসব অলঙ্কার কিনছেন। বসুন্ধরা গেটের সামনে ফুটপাতে দাঁড়িয়ে ছোট মেয়ের জন্য একটি সোনালি রঙের চেইন দেখছিলেন বকুল নামের এক ক্রেতা। তিনি বলেন, ছোট বাচ্চার গলায় একটা চেইন দিতে চাই। আগে যেগুলো ১২০ টাকায় পাওয়া যেত, এখন সেগুলো ১৫০ টাকা চাইছে। তবুও বাচ্চাদের জন্য কিনতে হয়।
মুশফিকা বিনতে হাবিবা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আমার দুটো কানের দুল পছন্দ হয়েছে। জামার কালারের সাথে মিলিয়ে নিচ্ছি। দাম মোটামুটি ভালোই। ঈদে পড়বো তাই নিচ্ছি।
এদিকে, গত সোমবার দাম কমানোর পর মঙ্গল ও বুধবার আবার বাড়ানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের ভালো মানের সোনার দাম ভরিপ্রতি বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা। এর আগে ভালো মানের সোনার দাম ছিল ভরিপ্রতি ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। অর্থাৎ একদিনে ভরিপ্রতি দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা। টানা দুই দিনে সোনার দাম বেড়েছে মোট ৫ হাজার ৪৫২ টাকা। একই সঙ্গে বেড়েছে রুপার দামও। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ তথ্য জানিয়ে গতকাল বুধবার সকালে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।