× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্যামিলি কার্ড বিতরণ

কথা রাখছি, রাখব: প্রধানমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ মার্চ ২০২৬ ০৯:২৩ এএম

নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও সচ্ছল করতেই সরকার ফ্যামিলি কার্ডের প্রবর্তন করেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও সচ্ছল করতেই সরকার ফ্যামিলি কার্ডের প্রবর্তন করেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। এই নারী সমাজকে বাদ দিয়ে অর্থনৈতিক উন্নতি সম্ভব নয়। তাই নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও সচ্ছল করতেই সরকার ফ্যামিলি কার্ডের প্রবর্তন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল মঙ্গলবার বেলা ১১টা ১৮ মিনিটে রাজধানীর কড়াইল বস্তি সংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে ল্যাপটপে বাটন প্রেস করে ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি বলেন, কথা রাখছি, রাখব। ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হলো, চলতেই থাকবে। এরপরই ১৭ জন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সমাজকল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন। এ ছাড়া মন্ত্রিপরিষদের সদস্য ও সরকারি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। 

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার ১৪টি স্থানে গতকাল এই পাইলট প্রকল্প চালু হয়েছে। প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৭ জন নারী ফ্যামিলি কার্ড পেয়েছেন। এদিন রাজধানীর কড়াইল বস্তি, সাততলা বস্তি, ভাসানটেক বস্তি, মিরপুর সার্কেল বা শাহ আলীর ওয়ার্ড-৮, আলিমিয়ার টেক বস্তি (ওয়ার্ড-১৪), বাগানবাড়ি বস্তি এলাকা এবং রাজবাড়ীর পাংশা, চট্টগ্রামের পটিয়া, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, বান্দরবানের লামা, খুলনার খালিশপুর, ভোলার চরফ্যাশন, সুনামগঞ্জের দিরাই, কিশোরগঞ্জের ভৈরব, বগুড়া সদর, নাটোরের লালপুর, ঠাকুরগাঁও সদর ও দিনাজপুরের নবাবগঞ্জের বাছাইকৃত নারীরা ফ্যামিলি কার্ড বুঝে পেয়েছেন। 

ফ্যামিলি কার্ড বিতরণ শেষে প্রধানমন্ত্রী বলেন, দেশের ৩৭ হাজার পরিবারের প্রধান নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে সারা দেশের চার কোটি পরিবারের কাছে এই কার্ড পৌঁছে দেবে সরকার। এর সঙ্গে আগামী মাস থেকে কৃষকদের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু হবে। 

নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে নারীপ্রধান পরিবারের আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে দেশব্যাপী ফ্যামিলি কার্ড চালু করা হলো। 

নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্ধেক জনসংখ্যা নারী। তাদের পেছনে ফেলে বা অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন না করে দেশকে কোনোভাবেই সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের উদাহরণ দিয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন তিনি স্কুল থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত নারীদের শিক্ষা বিনামূল্যে করার ব্যবস্থা করেছিলেন। সেই শিক্ষিত নারী সমাজকে আজ আমরা অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন করতে চাই। তাদের সচ্ছল করে তুলতে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে।

তারেক রহমান বলেন, নির্বাচনের মাধ্যমে বর্তমানে একটি জবাবদিতাহিমূলক ও জনপ্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সরকার গঠনের এক মাসেরও কম সময়ের মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ডের কাজ শুরু হয়েছে।

কৃষকদের দেওয়া প্রতিশ্রুতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গত সপ্তাহে আমরা সরকারের পক্ষ থেকে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করে দিয়েছি। একইভাবে আগামী মাসের ভেতরে আমরা কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দেব।

ফ্যামিলি কার্ড চালুকে ‘ঐতিহাসিক ও আবেগঘন’ উল্লেখ করে তারেক রহমান বলেন, বহু বছর ধরে আমরা বসে বসে এই পরিকল্পনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আজ সেই দিনটি উপস্থিত, যেদিন আমরা এই প্রতিশ্রুতি রক্ষা করতে সক্ষম হয়েছি। এ জন্যই আজকের দিনটি আমার জন্য আবেগঘন।

মধ্যপ্রাচ্যের অস্থিরতাসহ সমসাময়িক বৈশ্বিক পরিস্থিতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের প্রত্যাশা বর্তমান সরকারের কাছে অনেক, সেটি আমরা বুঝতে পারি। আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, তা থেকে বিন্দুমাত্র অবস্থান পরিবর্তন করব না। তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্ষেত্রবিশেষে কিছু প্রতিশ্রুতি বাস্তবায়নে হয়তো সময় বেশি লাগতে পারে। তাই সবাইকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার অনুরোধ করছি।

বক্তব্যের শেষে তিনি তার নির্বাচনি স্লোগান মনে করিয়ে দিয়ে বলেন, প্রত্যেকটি নির্বাচনী জনসভায় একটি কথা আমার বক্তব্যের শেষে আমি তুলে ধরতাম। সেই কথাটি ছোট্ট একটি স্লোগানের মাধ্যমে আপনাদের সকলের কমবেশি জানা আছে, সমগ্র বাংলাদেশের মানুষের কাছে স্লোগানটি পৌঁছে গেছে। আজকে সেই স্লোগানটি দিয়েই আমি আমার বক্তব্য শেষ করতে চাই, সেই স্লোগানটি ছিলÑ করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ! সবার আগে বাংলাদেশ!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার অঙ্গীকার করা হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নির্বাচনি ইশতেহারে। দেশের সর্বস্তরে আলোচিত হয়েছিল নারীর ক্ষমতায়নের নতুন দিগন্ত উন্মোচনকারী এই নির্বাচনি প্রতিশ্রুতি। সেই অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যেই সরকার গঠনের মাত্র ২১ দিনের মাথায় গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান এই ফ্যামিলি কার্ড প্রকল্পের উদ্বোধন করেন। সঙ্গে সঙ্গেই সারা দেশে ব্যাংক হিসাব বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে ভাতা পৌঁছে যায় কার্ডপ্রাপ্ত নারীদের হাতে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা