× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আত্মসমর্পণকারী চরমপন্থিরা আগের অবস্থায় ফিরছে: র‌্যাব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ মার্চ ২০২৬ ০০:২২ এএম

আত্মসমর্পণকারী চরমপন্থিরা আগের অবস্থায় ফিরছে: র‌্যাব

বিগত সময়ে আত্মসমর্পণ করা কিছু চরমপন্থী আবারও সশস্ত্র কর্মকাণ্ডে ফিরে যাচ্ছে বলে জানিয়েছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তারের তথ্য জানাতে গিয়ে এ কথা বলেন র‌্যাব-১২-এর অধিনায়ক আতিকুর রহমান মিয়া।

সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক ইন্তেখাব চৌধুরী জানান, সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় অভিযান চালিয়ে রাকিব রানা (৫৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চারটি রাইফেল, পাঁচটি একনালা বন্দুক, দুটি শর্টগান, একটি পিস্তলসহ মোট ১২টি আগ্নেয়াস্ত্র এবং ৮৯৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, রাকিব রানার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে রাজধানীর আদাবরের শেখেরটেক এলাকায় অভিযান চালিয়ে আলমগীর ওরফে ‘শুটার আলমগীর’কে একটি প্রাইভেট কারসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা এসব অস্ত্র চরমপন্থিদের জন্য সংগ্রহ করা হয়েছিল বলেও জানান তিনি। রাকিব রানার বিরুদ্ধে পাবনা সদর থানায় হত্যা ও প্রতারণাসহ তিনটি মামলা রয়েছে। একই থানায় আলমগীরের বিরুদ্ধে হত্যাসহ মোট পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১২-এর অধিনায়ক আতিকুর রহমান বলেন, অভিযুক্তরা চট্টগ্রাম থেকে এসব অস্ত্র সংগ্রহ করে ঢাকার আদাবর এলাকায় মজুদ করত। পরে সুযোগ বুঝে সেগুলো পাবনায় চরমপন্থীদের কাছে পাঠানো হতো। 

তিনি আরও বলেন, চব্বিশের আন্দোলনে সরকার পতনের পর ওই এলাকার চরমপন্থীরা আবার আগের রূপে প্রকাশ্যে আসতে শুরু করেছে। চর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আত্মসমর্পণ করে পুনর্বাসন প্রক্রিয়ায় যুক্ত থাকা অনেক চরমপন্থী আবারও সক্রিয় হয়ে উঠছে বলেও জানান তিনি। এ বিষয়ে র‌্যাব কঠোর অবস্থানে রয়েছে বলে জানান আতিকুর রহমান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা