বিশেষ প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬ ১৩:১৫ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৬ ১৩:১৯ পিএম
জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি: বাসস
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বুধবার সকাল সাড়ে এগারোটায় জাতীয় সংসদের সরকারি দলের সভা অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদ ভবনের নবম তলায় অবস্থিত সরকারদলীয় সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় সংসদের প্রথম অধিবেশনকে ঘিরে বিভিন্ন বিষয় সম্পর্কে সংসদ সদস্যদের ব্রিফ করা হবে বলে জানা গেছে।
সভায় দেশের সাম্প্রতিক পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপ এবং ভবিষ্যৎ করণীয় নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান সংকট, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের বিষয়েও আলোচনা হতে পারে।
সংসদীয় দলের বৈঠকে সংসদ সদস্যরা তাদের নিজ নিজ নির্বাচনি এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নসংক্রান্ত বিষয় তুলে ধরতে পারেন বলে জানা গেছে। এসব বিষয়ে আলোচনা শেষে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
জাতীয় সংসদ সচিবালয়ের সোমবার দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সরকারি দলের সব সংসদ সদস্যকে অনুরোধ জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি।