বাসস
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬ ২২:২৪ পিএম
আপডেট : ০৮ মার্চ ২০২৬ ২২:২৬ পিএম
পোশাক কারখানায় কর্ম ব্যস্ত সময় পার করছেন এক নারী শ্রমিক। ছবি: ইউএনবি
ঈদুল ফিতরের আগে তৈরি পোশাক (আরএমজি) খাতের শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য পাওনা পরিশোধ নিশ্চিত করতে শিল্প পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শককে ‘ফোকাল পয়েন্ট’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রবিবার আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির দুটি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা বিশেষ করে মনোযোগ দিয়েছি ঈদের আগে ঈদযাত্রার সময় যাতে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি না হয়। সেজন্য আমরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিছু পদক্ষেপ নিয়েছি।
“আমরা একটি ফোকাল পয়েন্ট ঠিক করে দিয়েছি। যেমন- ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দায়িত্বে যে অতিরিক্ত আইজিপি আছেন, তিনি ফোকাল পয়েন্ট হিসেবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে অন্যান্য ইউনিট, বিজিএমইএ, বিটিএমইএ, বিকেএমইএ নেতৃবৃন্দ, শ্রমিক প্রতিনিধিদের এবং সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সঙ্গে সমন্বয় করবেন”।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, “কারখানার মালিকরা সময়মতো বেতন পরিশোধ করতে সক্ষম হবেন। সরকার ও ব্যাংকিং খাত প্রয়োজনীয় সকল সহযোগিতা দেবে”।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ঈদের আগে শ্রমিকদের বেতন-সংক্রান্ত যেকোনো সমস্যা সমাধানের জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।