রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬ ২১:৪৬ পিএম
রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার দুপুরে আয়োজিত এক সমন্বয় সভায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ১৬টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ১৬টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার দুপুরে আয়োজিত এক সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়। সভায় ঈদে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন রাখতে বিভিন্ন প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, ঈদের আগে পাঁচ দিন এবং ঈদের পর পাঁচ দিন নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। এছাড়া যাত্রীদের সুবিধার্থে ওয়াশ ব্লক, নারীদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার, পর্যাপ্ত আলোকসজ্জা এবং দৌলতদিয়া বাইপাস সড়কে রাতের লাইটিং ব্যবস্থা রাখা হবে। ফেরিঘাটে যানজট এড়াতে পন্টুনে রিকশা ও ইজিবাইক উঠানো নিষিদ্ধ করা হয়েছে। চুরি-ছিনতাই রোধে যাত্রীদের সচেতন করতে মাইকিংও করা হবে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, ঈদ উপলক্ষে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে রো-রো, ইউটিলিটি ও কে-টাইপসহ মোট ১৬টি ফেরি চলাচল করবে। দৌলতদিয়া প্রান্তে ৩, ৪ ও ৭ নম্বরসহ তিনটি ঘাট সচল থাকবে।
দৌলতদিয়া লঞ্চ মালিক সমিতির সদস্য মো. মাসুদুর রহমান বলেন, “ঈদে যাত্রী পারাপারের জন্য এই নৌরুটে ২০টি লঞ্চ চলাচল করবে”।
রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, “ঈদকে কেন্দ্র করে দৌলতদিয়া ঘাট এলাকায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। থানা পুলিশ, সাদা পোশাকে পুলিশ, ডিবি পুলিশ, নৌ পুলিশ ও হাইওয়ে পুলিশ সমন্বয় করে কাজ করবে”।
সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। তিনি বলেন, “ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় রোধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এছাড়া ঘাট এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা, অস্থায়ী পাবলিক টয়লেট, মায়েদের জন্য দুগ্ধপান করানোর স্থান এবং টার্মিনালে ভাড়ার চার্ট দৃশ্যমান রাখা হবে। রাতে স্পিডবোট চলাচলও বন্ধ থাকবে”।
সভায় আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস, গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. মমিনুল ইসলাম, দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ বিশ্বাস, বিআইডব্লিউটিএ আরিচা বন্দর কার্যালয়ের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সহ-সভাপতি মুরাদ হাসান এবং বিআরটিএ রাজবাড়ীর সহকারী পরিচালক মো. অহিদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।