× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৬ মার্চ কোনও আলোকসজ্জা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ মার্চ ২০২৬ ১৪:০৭ পিএম

আপডেট : ০৮ মার্চ ২০২৬ ১৫:২৯ পিএম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রবিবার আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রবিবার আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

জ্বালানি সংকট মাথায় রেখে কৃচ্ছতা সাধনের উদ্দেশ্যে এবার ২৬ মার্চে দেশব্যাপী কোন আলোকসজ্জা করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ৷ 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রবিবার আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি৷ 

জ্বালানি সংকটে কৃচ্ছতা নীতি

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিবছরই দেশজুড়ে আলোকসজ্জার আয়োজন করা হয়। তবে বর্তমান পরিস্থিতি এবং সম্ভাব্য জ্বালানি সংকটের বিষয়টি মাথায় রেখে এ বছর কৃচ্ছতা নীতির অংশ হিসেবে এ ধরনের আয়োজন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সঙ্গে দিবসটি উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তর, মন্ত্রণালয় এবং সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

২৫ মার্চ গণহত্যা দিবস ও স্মৃতিসৌধে কর্মসূচি

সালাহউদ্দিন আহমদ বলেন, “২৫শে মার্চ গণহত্যা দিবসটা পালন করা হবে অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে, অত্যন্ত বেদনার সাথে। সেটা যথাযথ মর্যাদায় আমরা অতীতের মতো করেই পালন করব। 

“এখানে ধর্ম মন্ত্রণালয়ের ভূমিকা আছে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় প্রধান লিড মিনিস্ট্রি হিসেবে এটা পালন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে—আমরা নিরাপত্তার সমস্ত বিষয়াদি দেখাশোনা করব।”

২৬ মার্চ প্রত্যুষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, বিরোধীদলীয় নেতাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণের কর্মসূচি নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

ঈদযাত্রা ও শ্রমিকদের বেতন নিয়ে প্রস্তুতি

সালাহউদ্দিন আহমেদ বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রাপথে যাতে কোনো ধরনের ভোগান্তি না হয়, সে বিষয়েও সরকার আগাম প্রস্তুতি নিয়েছে। 

এ লক্ষ্যে শিল্পাঞ্চল, গার্মেন্টস মালিকপক্ষ, শ্রমিক প্রতিনিধি এবং পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপিকে একটি ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মব সহিংসতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু বিচ্ছিন্ন অপরাধের ঘটনাকে মবের সঙ্গে গুলিয়ে ফেলা ঠিক নয়। তবে সরকার এ বিষয়ে সতর্ক এবং দেশে কোনোভাবেই ‘মব কালচার’ গড়ে উঠতে দেওয়া হবে না।

গার্মেন্টস শ্রমিকদের ঈদের আগে বেতন-ভাতা পরিশোধ প্রসঙ্গে তিনি বলেন, গার্মেন্টস অ্যাসোসিয়েশন, বিজিএমইএ নেতৃবৃন্দ, বিটিএমইএ, বিকেএমইএ-এর নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। তাদের অধিকাংশই আশা প্রকাশ করেছেন যে ঈদের আগেই শ্রমিকদের বেতন, ভাতা ও বোনাস পরিশোধ করা সম্ভব হবে।

কোনো প্রতিষ্ঠানে সমস্যা দেখা দিলে আগেই তা সমাধানের উদ্যোগ নেওয়ার জন্যও মালিকপক্ষকে অনুরোধ করা হয়েছে বলেও জানান মন্ত্রী। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা