বাসস
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬ ১৯:২৫ পিএম
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন শনিবার নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন। ছবি: বাসস
নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না হওয়া চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, স্বাস্থ্যসেবায় জড়িত প্রত্যেককে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা হবে।
কোনো পূর্ব ঘোষণা বা প্রটোকল ছাড়াই শনিবার সকালে নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
এদিন সকাল সাড়ে ৮টার দিকে আকস্মিকভাবে হাসপাতালে উপস্থিত হয়ে মন্ত্রী সরাসরি হাজিরা খাতা ও ডিউটি রোস্টার পরীক্ষা করেন। এ সময় বেশ কয়েকজন চিকিৎসক ও স্টাফকে অনুপস্থিত দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ, প্যাথলজি ল্যাব ও বহির্বিভাগ ঘুরে দেখেন এবং ওষুধের মজুত ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে কর্মকর্তাদের কড়া নির্দেশনা দেন।
সরাসরি লাইনে দাঁড়িয়ে থাকা রোগীদের সঙ্গেও কথা বলে তাদের সমস্যার কথা শোনেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না”।
এ সময় পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।