প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬ ১৬:০৩ পিএম
বাংলাদেশ–পাকিস্তানের ডিজিটাল প্রকল্পে যৌথ অর্থায়ন ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশ ও পাকিস্তানের বিভিন্ন উদ্ভাবনী ডিজিটাল প্রকল্পে সহায়তা দিতে যৌথভাবে অর্থায়ন করবে বৈশ্বিক ডিজিটাল অপারেটর ভিওন লিমিটেডএবং মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক সংগঠন গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস অ্যাসোসিয়েশন (জিএসএমএ)–এর ইনোভেশন ফান্ড।
স্পেনের বার্সেলোনায় চলমান টেলিযোগাযোগ খাতের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬ আসরে এ–সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএসএমএর চিফ রেগুলেটরি অফিসার ও জিএসএমএ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জন জিউস্তি, পাকিস্তানের মোবাইল অপারেটর জ্যাজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আমির ইব্রাহিম এবং বাংলাদেশের মোবাইল অপারেটর বাংলালিংকেরসিইও ইয়োহান বুসে।
চুক্তি অনুযায়ী, জ্যাজ ও বাংলালিংক ২০২৬ সালের অর্থায়ন পর্বে নির্বাচিত পাকিস্তানি ও বাংলাদেশি স্টার্টআপগুলোকে যৌথভাবে আর্থিক সহায়তা দেবে।
পাশাপাশি ইকোসিস্টেম উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রেও সহায়তা করবে ভিওন এবং এর অধীনস্থ প্রতিষ্ঠানগুলো। এর ফলে নির্বাচিত উদ্যোগগুলো দ্রুত তাদের কার্যক্রম সম্প্রসারণের সুযোগ পাবে।
এ প্রসঙ্গে জন জিউস্তি বলেন, জ্যাজ ও বাংলালিংক—দুটি প্রতিষ্ঠানই পাকিস্তান ও বাংলাদেশের ডিজিটাল খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, সামাজিকভাবে ইতিবাচক প্রভাব রাখতে পারে এমন উদ্যোগগুলোকে সহায়তার ক্ষেত্রে জিএসএমএ ইনোভেশন ফান্ডের কার্যক্রম এই অংশীদারিত্বের মাধ্যমে আরও গতিশীল হবে।
বাংলালিংকের সিইও ইয়োহান বুসে বলেন, সবার জন্য ডিজিটাল সেবা সহজলভ্য করা এবং গ্রাহক, অংশীদার ও ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত সবার সমৃদ্ধ জীবন গড়ে তুলতে সহায়তা করাই বাংলালিংকের লক্ষ্য।
জিএসএমএ ইনোভেশন ফান্ডের সঙ্গে এই অংশীদারিত্ব সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।