ইউএনবি
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬ ১৭:৩১ পিএম
আপডেট : ০৩ মার্চ ২০২৬ ১৭:৩২ পিএম
বাম থেকে দুদকের চেয়ারম্যান ড. এমএ মোমেন এবং অপর দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন পদত্যাগ করেছেন। তার সঙ্গে একই সময়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন কমিশনের দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে মঙ্গলবার তারা পদত্যাগপত্র জমা দেন।
এদিন দুপুর আড়াইটার দিকে দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনার সচিবালয়ের ১ নম্বর ভবনে প্রবেশ করেন। এর মাত্র ১০ মিনিটের মাথায় তারা পদত্যাগপত্র জমা দিয়ে বেরিয়ে আসেন। কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চেয়ারম্যানের সঙ্গে দুই জন কমিশনারও পদত্যাগপত্র জমা দিয়েছেন।
মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেন, “পদত্যাগ করার কারণে আমি আমার গাড়ির ফ্ল্যাগ নামিয়ে যাচ্ছি”।
পদত্যাগের কারণ সম্পর্কে জানতে চাইলে চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি সাংবাদিকদের বলেন, “এখানে না, এটি অফিসে গিয়ে বলব”।
২০২৪ সালের ১০ ডিসেম্বর ‘দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪’ অনুযায়ী রাষ্ট্রপতি তাদের নিয়োগ দিয়েছিলেন। দুদকের আইন অনুযায়ী, একজন চেয়ারম্যান ও দুইজন কমিশনারের সমন্বয়ে কমিশন গঠিত হয় এবং তাদের পদের মেয়াদকাল পাঁচ বছর।