প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬ ১৬:১২ পিএম
ড. মো. ফরিদুল ইসলাম এবং মো. ইহসানুল হক। কোলাজ; প্রতিদিনের বাংলাদেশ
অবসরপ্রাপ্ত সচিব ড. মো. ফরিদুল ইসলামকে সভাপতি এবং অবসরপ্রাপ্ত সচিব মো. ইহসানুল হককে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করেছে একাদশ বিসিএস ফোরাম।
ঢাকার বিয়াম মিলনায়তনে রবিবার একাদশ বিসিএস ফোরামের সভায় ফোরামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
কমিটির প্রথম সহসভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজের সাবেক সহ-অধ্যক্ষ ডা. আবদুল হানিফ টাবলু।
সভায় উপস্থিত সদস্যরা নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং তাঁদের সফলতা কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের অধীনে ফোরামের কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে।
সভাপতির বক্তব্যে ড. মো. ফরিদুল ইসলাম বলেন, “নতুন সরকারের কাছে দেশের সর্বস্তরের নাগরিকের প্রত্যাশা অনেক বেশি। দেশে একটি সুস্থ রাজনৈতিক ধারা ফিরে আসা জরুরি উল্লেখ করে তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন”।
এ সময় তিনি রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে হয়রানিমূলক হামলা-মামলার সংস্কৃতি থেকে সরে এসে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
ড. ফরিদুল ইসলাম আরও বলেন, “সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা জরুরি। প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টদের অগ্রাধিকার দেওয়া উচিত”।