× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংসদের আসনবিন্যাস

প্রথম সারিতে থাকছেন না পার্থ-নাহিদ-সাকি-নুররা

আসাদুজ্জামান সম্রাট

প্রকাশ : ০২ মার্চ ২০২৬ ১০:০০ এএম

আপডেট : ০২ মার্চ ২০২৬ ১০:৪১ এএম

এবারের আসনবিন্যাসে আন্দালিব রহমান পার্থ, নাহিদ ইসলাম, জোনায়েদ সাকি, নুরুল হক নুরুরা প্রথম সারিতে আসন পাচ্ছেন না। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

এবারের আসনবিন্যাসে আন্দালিব রহমান পার্থ, নাহিদ ইসলাম, জোনায়েদ সাকি, নুরুল হক নুরুরা প্রথম সারিতে আসন পাচ্ছেন না। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের আসনবিন্যাস নিয়ে কাজ শুরু করেছে সংসদ সচিবালয়। ইতোমধ্যে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয় থেকে সংসদ সচিবালয়ের কাছে নতুন সংসদের অধিবেশন কক্ষের আসনবিন্যাসের একটি খসড়া চেয়ে পাঠানো হয়েছে। 

সংসদ সূত্র জানিয়েছে, অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদের চিফ ‍হুইপ ও হুইপ নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। সাধারণত চিফ হুইপ, হুইপরা সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে বসে এমপিদের আসন বিন্যাসের বিষয়ে একটি তালিকা করে থাকেন। পরে সংসদ নেতার অনুমোদনক্রমে তাদের আসন বিন্যাস করা হয়।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, সংসদে সিনিয়র ও জুনিয়র হিসেবে আসন বিন্যাস করা হয়ে থাকে। রাজনৈতিক দলগুলোর প্রধানদের সামনের সারিতে আসন দেওয়ার একটা রীতি থাকলেও এবারের আসনবিন্যাসে নবগঠিত এনসিপির প্রধান নাহিদ ইসলাম, বিজেপির প্রধান আন্দালিব রহমান পার্থ, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি ও গণঅধিকার পরিষদের নুরুল হক নুরুরা প্রথম সারিতে আসন পাচ্ছেন না।

সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, খসড়া তালিকায় এনসিপির প্রধান নাহিদ ইসলাম ও বিজেপির প্রধান আন্দালিব রহমান পার্থকে রাখা হয়েছে দ্বিতীয় সারিতে। জোনায়েদ সাকি ও নুরুল হক নুরকে রাখা হয়েছে তৃতীয় ও চতুর্থ সারিতে। নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের অধিকাংশকেই রাখা হয়েছে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সারিতে। অন্যদিকে মন্ত্রিসভার সদস্য নন এমন সিনিয়র সদস্যরাও পাচ্ছেন ট্রেজারি বেঞ্চের প্রথম সারির চেয়ার।

আসনবিন্যাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, নিতাই রায় চৌধুরী, মির্জা আব্বাস, গয়েশ্বর রায়, এহসানুল হক মিলন, সরদার সাখাওয়াত হোসেন বকুল, জয়নুল আবদিন ফারুক, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, আসাদুল হাবিব দুলু, ফকির মাহবুব আনাম, বরকত উল্লাহ বুলু, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, মনিরুল হক চৌধুরী, অ্যাডভোকেট মজিবর রহমান সরওয়ার, নূরুল ইসলাম মণি ও মোহাম্মদ শাহজাহান।

অপজিশন বেঞ্চের শুরুতে রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এর পরপরই রয়েছেন বিরোধী দলের উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এটিএম আজহারুল ইসলাম। দ্বিতীয় সারির শুরুতে রয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার পাশেই রয়েছেন জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরা। এনসিপির অন্য সদস্যদের স্থান হয়েছে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম সারিতে। স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে প্রথম সারিতে দেওয়া যায় কি না তা নিয়ে আলোচনা চলছে। বর্তমানে তার জন্য দ্বিতীয় সারির কর্নার আসন রাখা হয়েছে।

আসনবিন্যাসে নতুন মন্ত্রীদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, আমিনুর রহমান, শেখ রবিউল ইসলামের আসন হয়েছে দ্বিতীয় সারিতে। আরেও কয়েক পূর্ণমন্ত্রীকে দ্বিতীয় সারিতে নিয়ে আসা হতে পারে। তাদের সঙ্গে একাধিকবার নির্বাচিত সংসদ সদস্যকে দ্বিতীয় সারিতে আনা হতে পারে। একেবারে নবীনদের জন্য ট্রেজারি বেঞ্চের পেছনের সারিতে আসন রাখা হয়েছে। 

সূত্র জানিয়েছে, এরই মধ্যে নিজের পছন্দের আসনের জন্য জাতীয় সংসদ সচিবালয়ে তদ্বিরও শুরু করেছেন সংসদ সদস্যরা। গতকাল রবিবার নরসিংদীর এক সংসদ সদস্য এসেছিলেন নিজের পছন্দের আসনের জন্য। তার দাবি আসন পেছনের যেকোনো সারিতে হলেও সমস্যা নেই। কিন্তু আসনটি প্রধানমন্ত্রীর পেছন বরাবর হতে হবে। কারণ জিজ্ঞেস করলে বলেন, ‘প্রথমবার সংসদ সদস্য হয়েছি। প্রধানমন্ত্রীর দৃষ্টিতে থাকতে চাই।’ তিনি আরও বলেন, ‘ট্রেজারি বেঞ্চের পেছনের সারিতে থেকে কাজ করতে চাই এবং সিনিয়রদের কাছ থেকে কাজ শিখতে চাই।’

সংসদ সচিবালয় এক কর্মকর্তা জানিয়েছেন, আসনবিন্যাস এটাই চূড়ান্ত নয়। এটি একটি খসড়া মাত্র। সংসদ নেতার অনুমোদন পাওয়ার পরেই তা চূড়ান্ত করা হবে। তিনি বলেন, শেষ মুহূর্তে অনেক পরিবর্তন হতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা