× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণমাধ্যমে হামলাকারীদের ‘দৃষ্টান্তমূলক বিচার’ করে পৃথিবীকে ভিন্ন বার্তা দেব: স্বরাষ্ট্রমন্ত্রী

বাসস

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৬ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৯ পিএম

ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয় পরিদর্শন শেষে শনিবার সাংবাদিকদের ব্রিফিং করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: বাসস

ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয় পরিদর্শন শেষে শনিবার সাংবাদিকদের ব্রিফিং করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: বাসস

দেশের সংবাদমাধ্যমের ওপর আক্রমণ করে উগ্রবাদী শক্তি যে বার্তা দিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক বিচার করে পৃথিবীকে ভিন্ন বার্তা দেওয়া হবে বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বাংলাদেশের অগ্রগতি, প্রগতি ও সমাজের অগ্রযাত্রাকে কেউ থামাতে পারবে না; তাদের রুখে দেওয়ার প্রতিশ্রুতিও তুলে ধরেছেন বিএনপি নেতৃত্বাধীন সরকারের এই মন্ত্রী।

ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয় পরিদর্শন শেষে শনিবার সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

বিএনপি সরকার গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবে বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের নির্বাচনি ইশতেহারেও উল্লেখ করেছি যে আমরা স্বাধীন গণমাধ্যম চাই এবং গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা আমরা প্রতিষ্ঠা করবো”। 

তিনি বলেন, “বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতায় আমরা বিশ্বাসী ও পূর্ণাঙ্গ স্বাধীনতা আমরা প্রতিষ্ঠা করবো”। 

এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, “সাম্প্রদায়িক উগ্রবাদী শক্তি হয়তো প্রগতির দড়িকে টেনে ধরতে চায়। কিন্তু ইতিহাস সাক্ষী, তারা এটা কখনোই পারেনি। 

“আমরা তখন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছি এবং সুষ্ঠু বিচারের পদক্ষেপ নেওয়ার দাবি করেছি”। 

তিনি আরও বলেন, “আমি এখন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছি। সে জন্য প্রথম আলোর পরিবার, সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী ও সাহিত্যিক সবারই একটা দাবি হচ্ছে— প্রথম আলো কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের একটা সুষ্ঠু তদন্ত হতে হবে এবং সেই তদন্তের দায়িত্ব নিতে হবে।

“এ ঘটনার তদন্তের দায়িত্ব আমরা নিতে পারি। বিচারের দায়িত্ব বিচার বিভাগের। এখন ডিবি তদন্ত করছে সেজন্য আমরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছি, কথা বলেছি” বলেন সালাহউদ্দিন আহমদ।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “আমি তদন্তের অগ্রগতি কি— তা জানতে চেয়েছি। আগামী ২ মাসের মধ্যে সুষ্ঠু তদন্ত শেষ করে চার্জশিট দাখিলের নির্দেশনা দিয়েছি। তারপর বিচারিক কার্যক্রম শুরু হবে। 

“আমরা সেই বিচারিক কার্যক্রমের জন্য সবার সহযোগিতা চাইবো এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে জন্য জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে”। 

পরে, মন্ত্রী ঢাকার কারওয়ান বাজারের দ্য ডেইলি স্টারের অগ্নিসংযোগপ্রাপ্ত অফিস পরিদর্শন করেন। এ সময় পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্যমন্ত্রী

এর আগে এদিন দুপুরে প্রথম আলো কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ”। 

তিনিও এ ব্যাপারে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

তথ্যমন্ত্রী বলেন, “যে কোনো গণমাধ্যমের ওপর আক্রমণকে সরকার সভ্যতার ওপর আক্রমণ হিসেবে বিবেচনা করে।

“যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, তা কাছ থেকে দেখে মনে হয়েছে যে এর পেছনে একটি সভ্যতা বিরোধী চিন্তা কাজ করেছে”।

তিনি বলেন, “এ ধরনের অপশক্তি যাতে সমাজে কোনোভাবে প্রশ্রয় না পায়, সে ব্যাপারে রাষ্ট্র ও সরকার সর্বদা সচেতন থাকবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে”।

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার গুরুত্ব তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, “সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।

“যে কোনো অপরাধ, সেটা তাৎক্ষণিক হোক বা সময়ের ব্যবধানে হোক— তা অবশ্যই জবাবদিহি ও বিচার প্রক্রিয়ার আওতায় আনতে হবে”। 

মন্ত্রী বলেন, “কোনো অপরাধই তামাদি হতে পারে না”।

এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা