প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০১ পিএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১২ পিএম
ফাইল ফটো
নির্বাচনি ফল প্রকাশের ১৩ দিন পর গণভোটের ফল সংশোধন করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত গেজেট অনুযায়ী আগের প্রকাশিত ফলের চেয়ে মোট প্রদত্ত ভোটের সংখ্যা কমেছে ১০ লাখ ৭৩ হাজার ৬১৬।
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা একটি অতিরিক্ত গেজেটের মাধ্যমে বৃহস্পতিবার এই সংশোধিত ফল প্রকাশ করা হয়। সংশোধিত ফলাফলে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের সংখ্যা কমেছে, বেড়েছে বাতিল হওয়া ভোটের সংখ্যা।
সংশোধিত নতুন ফলাফলের প্রজ্ঞাপন অনুযায়ী, গণভোটে মোট ভোট পড়েছে সাত কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭টি। এর মধ্যে ভোট বাতিল হয়েছে ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬টি। ফলে বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ছয় কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২১১টি। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা চার কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০টি এবং ‘না’ ভোটের সংখ্যা দুই কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১টি।
এর আগে, নির্বাচনের পরদিন গত ১৩ই ফেব্রুয়ারি বেসরকারিভাবে গণভোটের ফলাফল প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। সেখানে বলা হয়েছিল, গণভোটে সারা দেশে ‘হ্যাঁ’ ভোট পড়েছে চার কোটি ৮২ লাখ ৬৬০টি। অন্যদিকে, দুই কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি ‘না’ ভোট পড়েছে বলে উল্লেখ করা হয়েছিল।
আগের ঘোষণার তুলনায় ‘হ্যাঁ’ ভোট কমেছে ৯ লাখ ৭৪ হাজার ৬৮০টি এবং ‘না’ ভোট কমেছে ১ লাখ ১১ হাজার ৪৯৫টি। অন্যদিকে বাতিল ভোট বেড়েছে ১২ হাজার ৫৫৯টি।