প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২৬ পিএম
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর সাবেক কমিশনার হাবিবুর রহমান। ছবি: সংগৃহীত
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর সাবেক কমিশনার হাবিবুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার এ আদেশ দেন।
এ দিন হাবিবুর রহমানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়, “পলাতক হাবিবুর রহমান ও অন্যান্যর বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও নিয়োগ বানিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান চলছে।
“বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি হাবিবুর দেশত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সস্তাবনা রয়েছে। এজন্য তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন।”
আদালত আবেদন মঞ্জুর করে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।