প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৩ পিএম
বাংলাদেশ রেলওয়ে টিকিট। ছবি: ইউএনবি
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ৩ মার্চ থেকে ঈদের আগাম টিকিট এবং ২৩ মার্চ থেকে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে।
রেলওয়ে কর্তৃপক্ষ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
রেলয়ে কতৃপক্ষ জানায়, যাত্রীরা অনলাইন এবং কাউন্টার—উভয় মাধ্যম থেকেই টিকিট সংগ্রহ করতে পারবেন।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, সার্ভারের ওপর চাপ কমাতে এবং যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের টিকিট আলাদা সময়ে বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে প্রতিদিন সকালে। অন্যদিকে, পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর থেকে।
এছাড়া ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ে জানিয়েছে, ঈদে ঘরমুখো মানুষের সুবিধার্থে ৫ জোড়া মিলিয়ে মোট ২০টি বিশেষ ট্রেন (স্পেশাল ট্রেন) চালানো হবে। নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে বলেও জানায় কর্তৃপক্ষ।