× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংসদীয় কমিটির সভাপতি পদে আলোচিত ৪০ এমপি

আসাদুজ্জামান সম্রাট

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৫ এএম

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৬ এএম

সংসদ ভবন। ছবি: সংগৃহীত

সংসদ ভবন। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। এ অধিবেশনেই বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠনের পাশাপাশি সংরক্ষিত নারী আসনে নির্বাচন হতে পারে। যাদেরকে মন্ত্রিসভা বা অন্য কোনো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া যায়নি, সান্ত্বনা পুরস্কার হিসেবে তাদের সংসদীয় কমিটির সভাপতি করবে বিএনপি। কেননা গত দেড় দশকে সংসদীয় কমিটির সভাপতিদের পদমর্যাদা, সুযোগ-সুবিধা বৃদ্ধি করে পদটিকে আকর্ষণীয় করা হয়েছে।

বিএনপির নীতিনির্ধারণী পর্যায় থেকে জানা গেছে, ঈদুল ফিতরের আগেই সংসদীয় কমিটির সভাপতি করে অনেককেই পুরস্কৃত করা হবে। ইতোমধ্যে ৪০ জনের একটি ফিটলিস্ট তৈরি করা হয়েছে। এদের মধ্য থেকেই কমিটির সভাপতি করা হবে।

সংসদীয় কমিটির সভাপতিরা যে বৈঠকে সভাপতিত্ব করেন ওই বৈঠকে মন্ত্রী একজন সদস্য হিসেবে অংশগ্রহণ করেন এবং তার কাজের জবাবদিহি করেন। সংসদীয় কমিটি মূলত একটি ওয়াচডগ কমিটি। যার কাজ হচ্ছে মন্ত্রণালয়ের বিভিন্ন কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। সংসদীয় কমিটি মন্ত্রণালয়ের যেকোনো ফাইল তলব করতে পারে। প্রয়োজনে কোর্টের মতো করে শুনানি নেওয়ারও এখতিয়ার রয়েছে কিছু কিছু কমিটির।

বর্তমানে সংসদীয় কমিটির সভাপতিরা সংসদ ভবনে একটি পূর্ণাঙ্গ অফিস, একান্ত সচিব, ব্যক্তিগত কর্মকর্তা, অফিস সহায়ক ছাড়াও নিরাপত্তার জন্য সশস্ত্র গানম্যান পেয়ে থাকেন। সংসদীয় কমিটির সভাপতিদের গাড়িতে জাতীয় সংসদের মনোগ্রাম সংবলিত পতাকা ব্যবহারের বিধান রয়েছে। যেখানে ঢাকা মহানগরের মধ্যে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পতাকা ব্যবহারের অনুমতি নেই।

সভাপতি পদে আলোচনায় যারা

মো. জাহিদুর রহমান (ঠাকুরগাঁও-৩), মো. আখতারুজ্জামান মিয়া (দিনাজপুর-৪), মোহাম্মদ শামীম কায়সার (গাইবান্ধা-৪), কাজী রফিকুল ইসলাম (বগুড়া-১), গোলাম মোহাম্মদ সিরাজ (বগুড়া-৫), ইকরামুল বারী টিপু (নওগাঁ-৪), মো. আবু সাইদ চাঁদ (রাজশাহী-৬), এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু (নাটোর-২), একেএম সেলিম রেজা হাবিব (পাবনা-২), মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস (পাবনা-৫), রেজা আহাম্মেদ (কুষ্টিয়া-১), মোহাম্মদ আলী আসগার লবি (খুলনা-৫), নূরুল ইসলাম মনি (বরগুনা-২), বিশ্বাস জাহাঙ্গীর আলম (নড়াইল-১), আলতাফ হোসেন চৌধুরী (পটুয়াখালী-১), জয়নুল আবেদীন (বরিশাল-৩), আবুল হোসেন খান (বরিশাল-৬), ফজলুল হক মিলন (গাজীপুর-৩), আমীর এজাজ খান (খুলনা-১), রফিকুল ইসলাম জামাল (ঝালকাঠি-১), মো. আবদুস সালাম পিন্টু (টাঙ্গাইল-২), আহমেদ আযম খান (টাঙ্গাইল-৮), মো. কামরুজ্জামান (মুন্সীগঞ্জ-৩), মো. মোস্তাফিজুর রহমান বাবুল (জামালপুর-৩), মো. লুৎফুজ্জামান বাবর (নেত্রকোনা-৪), ড. মুহাম্মদ ওসমান ফারুক (কিশোরগঞ্জ-৩), মো. ফজলুর রহমান (কিশোরগঞ্জ-৪), মঈনুল ইসলাম খান (মানিকগঞ্জ-২), আমান উল্লাহ আমান (ঢাকা-২), দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন (ঢাকা-১৯), খায়রুল কবির খোকন (নরসিংদী-১), মো. সফিকুর রহমান কিরণ (শরীয়তপুর-২), মো. নাছির চৌধুরী (সুনামগঞ্জ-২), রেজা কিবরিয়া (হবিগঞ্জ-১), মো. মনিরুল হক চৌধুরী (কুমিল্লা-৬), মুশফিকুর রহমান (ব্রাহ্মণবাড়িয়া-৪), মো. বরকত উল্লাহ বুলু (নোয়াখালী-৩), মো. শাহজাহান (নোয়াখালী-৪), এবিএম আশরাফ উদ্দিন নিজান (লক্ষ্মীপুর-৪), সরওয়ার জামাল নিজাম (চট্টগ্রাম-১৩), আলমগীর মুহাম্মদ মাহফুজ (কক্সবাজার-২) ও সাচিং প্রু (বান্দরবান)।

৫০টি সংসদীয় কমিটির সভাপতি পদে আনুপাতিক হারে প্রতিনিধিত্ব থাকার বিধান রয়েছে। ২১২টি আসনের বিপরীতে ৩৪টি সংসদীয় কমিটির সভাপতির পদ পেতে পারে বিএনপি জোট। এই কমিটিগুলোতে স্থান দিতে ৪০ সদস্যের একটি প্রাথমিক তালিকা করা হয়েছে। এর মধ্যে কয়েকজনকে সংসদের হুইপসহ বিভিন্ন দায়িত্ব দেওয়া হতে পারে। জামায়াত ও এনসিপিও সংখ্যানুপাতে সভাপতির পদ পাবে।

আনুষ্ঠানিকভাবে সংসদ আহ্বান

সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখা থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ১২ মার্চ বেলা ১১টায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে এই অধিবেশন অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১২ মার্চ রোজ বৃহস্পতিবার বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। রাষ্ট্রপতি সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন।

কী হবে প্রথম অধিবেশনে

১২ মার্চ শুরু হতে যাওয়া সংসদের প্রথম অধিবেশনটি মূলত সংসদের শীতকালীন অধিবেশন। এই অধিবেশনটি সাধারণত জানুয়ারি মাসের মধ্যে বসে এবং সংবিধানের ৭২ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তার বর্ষশুরুর ভাষণ দিয়ে থাকেনÑ যার ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা হয়ে থাকে। এই অধিবেশনের প্রথমদিকে বিগত অন্তর্বর্তী সরকারের আমলে রাষ্ট্রপতি কর্তৃক জারি করা অধ্যাদেশগুলো সংসদকে অবহিত করা হবে। এ ছাড়া চিফ হুইপ ও হুইপ নিয়োগ, বিরোধীদলীয় নেতা ও উপনেতার আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। চলতি অধিবেশনে সংরক্ষিত নারী আসনের নির্বাচন এবং উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্রপতি নির্বাচনও হতে পারে। অনেক দিন পর সংসদে শক্তিশালী বিরোধী দল আসায় এবার অধিবেশনগুলো হতে পারে প্রাণবন্ত ও উত্তপ্ত। যা সংসদীয় গণতন্ত্রের অন্যতম সৌন্দর্য।

নারী আসন কে কতটি পাবে

সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করার প্রস্তুতিও চলছে। বর্তমান সংসদে বিএনপির সদস্য সংখ্যা ২০৮। আইন অনুযায়ী সাধারণ আসনের আনুপাতিক হারে নারী আসন নির্ধারিত হয়Ñ প্রতি ছয়জন সাধারণ সদস্যের বিপরীতে একজন সংরক্ষিত নারী সদস্য। সে হিসাবে বিএনপির প্রাপ্য ৩৫টি নারী আসন; জোটগত সমর্থন পেলে তা ৩৬-এ উন্নীত হতে পারে। দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনের বিপরীতে ১১টি নারী আসন পাবে। এ ছাড়া এনসিপি ও স্বতন্ত্র সদস্যদের মধ্যেও একটি করে নারী আসন যেতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা