× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্রুত থার্ড টার্মিনাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সময়ানুবর্তী হতে কঠোর বার্তা

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৬ পিএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪৯ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুততম সময়ের মধ্যে চালুর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি সচিবালয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকার কঠোর তাগিদ দিয়েছেন। 

সচিবালয়ে একাধিক বৈঠক ও দাপ্তরিক কার্যক্রমে অংশ নিয়ে রবিবার তিনি এই নির্দেশনা দেন। সংশ্লিষ্ট সভা সূত্রে এসব তথ্য জানা গেছে।

থার্ড টার্মিনাল নিয়ে জরুরি বৈঠক

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে রবিবার বেলা ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল (থার্ড টার্মিনাল) চালুর বিষয়ে উচ্চপর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন। এ সময় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, “প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যাতে দ্রুত থার্ড টার্মিনাল চালু করা যায়। এ বিষয়ে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। তবে নির্দিষ্ট করে কবে নাগাদ টার্মিনাল চালু হবে, সে সময়সীমা এখনই জানানো সম্ভব নয়।

“থার্ড টার্মিনাল নিয়ে কিছু সুপারিশ রয়েছে। কিছু অংশে কাঠামোগত সমন্বয় প্রয়োজন, নেটওয়ার্কসংক্রান্ত সমস্যাও ছিল। প্রকল্পের ৯৯ শতাংশের বেশি কাজ শেষ হলেও নানা কারণে এটি চালু করা সম্ভব হয়নি। এখন কীভাবে দ্রুত চালু করা যায়, তা নিয়ে আলোচনা ও পর্যালোচনা চলছে”।

জাপানের সঙ্গে আলোচনা ও টেন্ডার প্রক্রিয়া

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, থার্ড টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত ব্রিফ করা হয়েছে। এটি যেহেতু সরকার-টু-সরকার (জি-টু-জি) চুক্তির আওতাভুক্ত, তাই এ বিষয়ে জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনার পরিকল্পনা রয়েছে। নতুন করে টেন্ডার আহ্বান করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি কিছু বলতে চাননি।

বিমান পরিবহন মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী দায়িত্ব নিয়েছেন উল্লেখ করে আশিক চৌধুরী বলেন, “এটি ছয় বছরের পুরোনো ইস্যু। নতুন মন্ত্রী বিষয়টি বুঝে নেওয়ার চেষ্টা করছেন”।

সময়ানুবর্তিতায় কড়াকড়ি

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তৃতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী রবিাবার সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান। সচিবালয়ে এসে তিনি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের উপস্থিতির খোঁজ নেন। নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকার জন্য তিনি মৌখিক নির্দেশনা দেন।

অতিরিক্ত প্রেস সচিব আরও বলেন, “এত সকালে প্রধানমন্ত্রীকে অফিসে দেখে অনেকেই অভিভূত হয়েছেন। সময়ানুবর্তিতা নিশ্চিত করতে তিনি নিজে উদাহরণ সৃষ্টি করতে চান”।

প্রধানমন্ত্রী হিসেবে ১৭ ফেব্রুয়ারি শপথ নেন তারেক রহমান। পরদিন থেকেই সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন তিনি। টানা দুই দিন সচিবালয়ে কাজ করার পর গত শনিবার সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেন তারেক রহমান।

‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ বিষয়ক সভা

একই দিন প্রধানমন্ত্রী ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার সভায় উপস্থিত ছিলেন। স সভায় স্বাস্থ্য খাতের চলমান কার্যক্রম, সেবার মানোন্নয়ন এবং সার্বিক স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করার বিষয় নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, অবকাঠামো উন্নয়ন ও প্রশাসনিক শৃঙ্খলা-এই দুই ক্ষেত্রে সমান্তরালভাবে জোর দেওয়া হচ্ছে। থার্ড টার্মিনাল চালুর উদ্যোগ এবং সময়ানুবর্তিতা নিশ্চিতের নির্দেশনা সেই প্রচেষ্টারই অংশ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা