× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪৪ পিএম

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন শনিবার দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন। ছবি: বাসস

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন শনিবার দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন। ছবি: বাসস

স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না, আবার জবাবদিহি ছাড়া গণমাধ্যমও স্বাধীনতার চর্চা করতে পারে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, গণমাধ্যমকে সুস্থভাবে কাজ করতে না দিলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। 

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, “একটা দেশে গণতন্ত্র চলতে পারে না, যদি সে দেশের স্বাধীন গণমাধ্যম না থাকে। আর গণমাধ্যম স্বাধীনতার চর্চা করতে পারে না, যদি জবাবদিহি না থাকে। আমরা সেই কারণেই জবাবদিহি নিশ্চিত করব এবং এভাবেই একটি সামগ্রিক ব্যবস্থা ধীরে ধীরে আমরা সম্মিলিতভাবে উন্নতির দিকে নিয়ে যাব”।

সাংবাদিকদের প্রতিশ্রুতি দিয়ে তথ্য মন্ত্রী জানান, তার সরকার দেশে ভয়ভীতিমুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করবে। এই পেশার সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো সমস্যা, সংকট বা বিরোধ সাংবাদিকতার নিজস্ব কাঠামো ও নীতিমালার মধ্যেই সমাধান হওয়া প্রয়োজন। এর বাইরে অন্য কোনো প্রশাসনিক বা মন্ত্রণালয়ভিত্তিক হস্তক্ষেপ হলে পেশাগত স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা থাকে।

নারীদের পিছিয়ে রেখে দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয় উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, “এ কারণেই ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি, এ মাসের মধ্যেই কার্ড বিতরণ শুরু করা যাবে। দেশে ৪ কোটি ১০ লাখ পরিবার রয়েছে। প্রতিটি পরিবারে পর্যায়ক্রমে এই কার্ড পৌঁছাতে পারলে নারীরা পরিবারে আরও ক্ষমতায়িত হবেন”।

আলোচনা সভায় ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “ভাষা আন্দোলনের পথ ধরেই মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল এবং জাতি স্বাধীন মাতৃভূমি পেয়েছিল”। 

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে উল্লেখ করে জহির উদ্দিন বলেন, “অতীতের ভুল পুনরাবৃত্তি হলে সেই সম্ভাবনাও হারিয়ে যাবে। তারেক রহমান দেশে প্রত্যাবর্তনের সময়ই ‘আই হ্যাভ এ্যা প্ল্যান’ বলেছেন। সেই পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাওয়া হবে”।

বেকার সমস্যা নিয়ে তিনি বলেন, “বেকার সমস্যা সমাধান করতে না পারলে কোনো সমস্যারই সমাধান হবে না। প্রতিবছর শিক্ষিত বেকার উৎপাদন করবে যে রাষ্ট্র ও সমাজ, সেই ব্যর্থ সমাজ কখনোই উন্নত হতে পারবে না। তাই খুব দ্রুত পরিকল্পিতভাবে কর্মসংস্থানের ম্যাপিং তৈরি করতে হবে”।

সভায় বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম, সিভিল সার্জন এস এম মনজুর-এ-এলাহী প্রমুখ উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা