বাসস
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৫ পিএম
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এমডি মাহবুব মোর্শেদ। ছবি: বাসস
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগ তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক আদেশে বৃহস্পতিবার এ কমিটি গঠনের কথা জানানো হয়।
সেখানে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে বাসস এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির যেসব অভিযোগ প্রকাশিত হয়েছে, সেগুলো নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে পর্যালোচনার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (গ্রেড-১) এই কমিটির সভাপতি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন— প্রধান তথ্য অফিসার (তথ্য অধিদপ্তর), গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (প্রেস-১)। সিনিয়র সহকারী সচিব তদন্ত কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, কমিটি অভিযোগগুলো গভীরভাবে পর্যালোচনা করবে, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ করবে এবং প্রয়োজনীয় অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করবে। আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে তদন্ত শেষ করে সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।