প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৭ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৩ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিন্দন জানিয়ে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: বিএনপি
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি দুই দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করা এবং পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন তিনি।
স্থানীয় সময় ১৮ ফেব্রুয়ারি তারেক রহমানের উদ্দেশে পাঠানো এক চিঠিতে ডোনাল্ড ট্রাম্প মার্কিন জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টায় এই তথ্য নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল।
চিঠিতে আমেরিকার জনগণের তরফ থেকে শুভেচ্ছা জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমেরিকান জনগণের পক্ষ থেকে আপনাকে ঐতিহাসিক নির্বাচনে বিজয়ের জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার মেয়াদ সফল হোক—এই শুভকামনা জানাই”।
নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো যেন দ্রুত সম্পন্ন করা হয় সেই আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “আমি আশা করি আপনি নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো দ্রুত সম্পন্ন করার জন্য দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবেন, যাতে আপনার সামরিক বাহিনী বিশ্বসেরা, উচ্চমানের মার্কিন তৈরি সামরিক সরঞ্জামে প্রবেশাধিকার পায়”।
দুই দেশের অংশীদারিত্ব পারস্পরিক সম্মান এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার অভিন্ন স্বার্থের ভিত্তিতে প্রতিষ্ঠিত উল্লেখ করে তিনি বলেন, “ আমাদের এই অংশীদারিত্বের মাধ্যমে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রসমূহ সমৃদ্ধ হতে পারে। আপনি আপনার দায়িত্বের মেয়াদ শুরু করার প্রাক্কালে আশা করি, পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে আমাদের বাণিজ্য সম্পর্কের ইতিবাচক অগ্রগতি বজায় রাখতে আমাকে সহযোগিতা করবেন—যা উভয় দেশের কৃষক ও শ্রমিকদের উপকারে আসে”।