মেডিক্যাল প্রতিবেদক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪১ এএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৪ এএম
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। ফাইল ফটো
ঢাকার যাত্রাবাড়ীর কাজলা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. মাহিম মিয়া (১৫) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
কাজলা স্কুল গলি এলাকায় রবিবার দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের দুলাভাই মো. রাফি জানান, রাতে কাজলা স্কুল গলি এলাকায় মাহিমকে অজ্ঞাত সন্ত্রাসীরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যান। তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
পরিবার সূত্রে জানা গেছে, মাহিমের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলায়। তার বাবা দিন ইসলাম। বর্তমানে সে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় বসবাস করত এবং স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগে পড়াশোনা করত।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানায়, ঘটনার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।