প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫২ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৬ পিএম
রবিবার নাহিদ ইসলামের সঙ্গে নির্বাচন-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করতে তার মগবাজার বাসায় গিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: বিএনপির মিডিয়া সেল
সরকার গঠনের আগেই ভোটের মাঠের প্রতিপক্ষ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে নির্বাচন-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসায় গিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
নাহিদ ইসলামের মগবাজারের বাসায় রাত ৮টা ২৫ মিনিটে পৌঁছান তিনি। এসময় বাসার সামনে এগিয়ে এসে তারেক রহমানকে অভ্যর্থনা জানান নাহিদ। তার সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন রংপুর-৪ আসনের নবনির্বাচিত এমপি ও এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
এর আগে সন্ধ্যায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে নির্বাচন-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসায় যান তিনি। তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানিয়েছেন ডা. শফিকুর রহমান। পরে সেখান থেকে বেরিয়ে নাহিদের বাসার উদ্দেশ্যে রওনা হন।