ইউএনবি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২০ পিএম
জাতীয় জরুরি সেবা ৯৯৯। ছবি: বাসস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশেষ অপারেশনাল কার্যক্রম পরিচালনা করেছে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’। এই কার্যক্রম চলাকালীন নির্বাচনসংক্রান্ত বিভিন্ন অভিযোগ ও তথ্য জানতে মোট ৮ হাজার ৩৮০টি ফোনকল এসেছে।
অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মহিউল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানান।
সেখানে বলা হয়, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ বিশেষ কর্মপরিকল্পনা নেয়। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘আইন-শৃঙ্খলা সমন্বয় সেল’ সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় করে সেবাপ্রত্যাশীদের ৯৯৯ নির্বাচন সংক্রান্ত জরুরি সেবা দিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচন সংক্রান্ত বিভিন্ন অভিযোগ ৯৯৯ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আইনানুগ ব্যবস্থা নিয়েছে। ওই সময়ে ৯৯৯ নির্বাচন সংক্রান্ত মোট ৮ হাজার ৩৮০টি ফোনকল গ্রহণ করে, যার মধ্যে ৩ হাজার ৭১৩টি ফোনকল ছিল নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর মধ্যে মারামারি, নিষিদ্ধ সময়ে নির্বাচনি প্রচার, ভোটকেন্দ্রে অনিয়ম এবং আইনশৃঙ্খলা সম্পর্কিত বিষয়সমূহ।
এ সব ফোনকলে ৯৯৯ তাৎক্ষণিকভবে সংশ্লিষ্ট থানা, জেলা ও মেট্রোপলিটন পুলিশ এবং রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অবগত করে বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়।
এছাড়া বাকি ৪ হাজার ৬৬৭টি ফোনকল নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চেয়ে করা হয়েছিল বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।