প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১১ পিএম
প্রতীকী ছবি
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিবারের মতো এবারও মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে (এমএফএস) লেনদেন সীমিত রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অনুযায়ী আজ থেকে ১২ ফেব্রুয়ারি ভোটের দিন রাত ১২টা পর্যন্ত মোবাইল ব্যাংকিং সীমিত রাখতে বলা হয়েছে।
বাণিজ্যিক ব্যাংকগুলোকে রবিবার এ সংক্রান্ত আনুষ্ঠানিক নির্দেশনা পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সেখানে বলা হয়েছে, আগামী ১২ই ফেব্রুয়ারি ভোটের দিন রাত ১২টা পর্যন্ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১০ হাজার টাকার বেশি অর্থ লেনদেন করা যাবে না। দশ হাজার টাকা পাঠাতে গেলেও সেটি পাঠাতে হবে ১০ বারে। অর্থাৎ প্রতিবার এক হাজার টাকার বেশি পাঠানো বা তোলা যাবে না।
এদিকে অভ্যন্তরীণ আরেক নির্দেশনায় ব্যাংকগুলোকে বলা হয়েছে, গ্রাহক প্রতি দৈনিক নগদ লেনদেন হবে সর্বোচ্চ এক লাখ টাকা।
কেন্দ্রীয় ব্যাংক বলেছে, নির্বাচনের সময় আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ৯ ফেব্রুয়ারি থেকে এই নির্দেশনা কার্যকর হবে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।