প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩৫ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩৬ পিএম
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। ছবি: বাসস
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি এবং নির্বাচনবিরোধী কর্মকাণ্ডের ফলে সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি সতর্ক করে বলেছে, বর্তমান পরিস্থিতিতে একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
টিআইবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রবিবার এসব কথা জানিয়েছেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকা নিয়ে সমালোচনা করে ড. ইফতেখারুজ্জামান বলেন, “অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে দুর্বলতার পরিচয় দিয়েছে।
“রাজনৈতিক দলগুলোর চাপের মুখে কমিশন অনেক ক্ষেত্রে দৃঢ় অবস্থান নিতে পারছে না। প্রচারসহ নির্বাচনের প্রতিটি স্তরে প্রার্থীরা আচরণবিধি ব্যাপকভাবে লঙ্ঘন করছে। প্রার্থীরা নির্বাচনি প্রচারে কোন ব্যয়সীমা মানছেন না। এত অনিয়মেও ইসি কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারছে না”।
সংবাদ সম্মেলনে টিআইবি জানায়, নির্বাচন ও গণভোটকে ঘিরে পরিবেশ উদ্বেগজনক হয়ে উঠলেও নির্বাচন কমিশন (ইসি) পরিস্থিতির দায় এড়িয়ে যাচ্ছে।
সংস্থাটি অভিযোগ, দেশের ৫৯ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হলেও কেন্দ্রের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেয়া হয়নি।
এ ছাড়া, দেড় বছরও উপদেষ্টাদের সম্পদের হিসেবে দিতে না পারাটা নেতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও মনে করেন টিআইবি প্রধান।