চট্টগ্রাম প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৪ পিএম
চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেছেন চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ফটিকছড়ির প্রচুর প্রাকৃতিক গ্যাস এবং চা-বাগানের সম্ভাবনা স্থানীয় অর্থনীতি বদলাতে পারে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর।
চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
সারোয়ার আলমগীর বলেন, “ফটিকছড়িতে স্বাধীনতার পর অনেক গ্যাসের স্থান বন্ধ হয়ে গেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) যদি নতুন করে পরীক্ষা ও উত্তোলনের উদ্যোগ নেয়, তবে এখান থেকে প্রচুর গ্যাস পাওয়া সম্ভব। ফটিকছড়ি তখন ‘গ্যাসের ওপর ভাসবে’। পাশাপাশি স্থানীয় চা-বাগানগুলোতে গ্যাস সুবিধা থাকলে শিল্প ও অর্থনীতিতে বড় পরিবর্তন আনা সম্ভব। এটি দেশের সেরা চা-নগরীতে পরিণত হতে পারে”।
তিনি আরও বলেন, “ফটিকছড়িতে ১৮টি চা-বাগান এবং চারটি রাবার বাগান রয়েছে। মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের তুলনায় এই উপজেলায় চার গুণ বেশি অনাবাদি জমি আছে। চট্টগ্রাম বন্দরের কাছাকাছি হওয়ায় এখানে কোনো মাটি ভরাট ছাড়াই শিল্পপ্রতিষ্ঠান স্থাপন করা সম্ভব”।
সারোয়ার আলমগীর মনে করেন, ফটিকছড়ি অত্যন্ত সম্ভাবনাময় এলাকা হলেও শিল্প-কারখানা না থাকায় যুবকদের জন্য কর্মসংস্থান সীমিত। শিল্প ও কারখানা স্থাপন, আইটি প্রতিষ্ঠান এবং নারীদের শিক্ষার সুব্যবস্থা তৈরি করলে এলাকার অর্থনীতি ও মানুষের জীবনমান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।
সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি এবং সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল আজিম উল্লাহ বাহার (অব.), সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ডা. খুরশিদ জামিল চৌধুরী, প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সালাহ উদ্দিন, সদস্য সচিব আহমদ হোসেন তালুকদার, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন এবং ফটিকছড়ি নাগরিক কমিটির আহ্বায়ক মির্জা মুহাম্মদ আকবরসহ আরও অনেকে।