প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৬ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৭ পিএম
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ)।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে মঙ্গলবার কোর কমিটির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী।
এর আগে র্যাবের সূচনালগ্নে এই বাহিনীর নাম ছিল র্যাপিড অ্যাকশন টিম বা র্যাট।
নাম পরিবর্তন করে কাজের কি পরিবর্তন আসবে সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “তাদের কাজের মানে ইতিমধ্য পরিবর্তন এসেছে। অনেকের আশা ছিল র্যাবের নাম পরিবর্তন করা হোক তাই নতুন নামকরণ করা হয়েছে।”
উপদেষ্টা বলেন, “ইতিমধ্যে এই বাহিনীর পোশাক পরিবর্তন হয়েছে। খুব দ্রুত তাদের নতুন পোশাকে দেখতে পাবেন।”
বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের সময়ে ২০০৪ সালের ২৬ মার্চ পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার ও ভিডিপি, বিজিবি ও কোস্ট গার্ড সদস্যদের নিয়ে র্যাব গঠিত হয়।
পরে ‘ক্রসফায়ার’ ও ‘বন্দুকযুদ্ধের’ নামে শতশত বিচারবহির্ভূত হত্যার অভিযোগ ওঠে এই বাহিনীর বিরুদ্ধে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ একাধিকবার র্যাব ভেঙে দেওয়ার আহ্বান জানালেও বাংলাদেশ সরকার তাতে সাড়া দেয়নি। এমনকি যিনি ক্ষমতায় থাকতে র্যাব গঠিত হয়েছিল, সেই খালেদা জিয়াও পরে আওয়ামী লীগ আমলে র্যাব বিলুপ্ত করার দাবি জানিয়েছিলেন।
২০২১ সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগে র্যাব এবং এর কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র সরকার।
সবশেষ ২০২৪ সালের ছাত্র আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে প্রতিবেদনে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়- ওএইচসিএইচআর র্যাব বিলুপ্তির সুপারিশ করে।