কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেতক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৫ পিএম
নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে মঙ্গলবার টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পায়রা বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পায়রা বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়নের আয়োজনে সোমবার বেলা ১১টায় বন্দরের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির ফলে প্রায় দুই ঘণ্টা বন্দরের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকে।
এর আগে রবিবার একই সময়ে একই দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা। এই কর্মবিরতি মঙ্গলবার চলবে বলেও জানিয়েছেন তারা।
বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন পায়রা বন্দরের মেডিকেল অফিস সহায়ক তাপসী দাস, ইনল্যান্ড মাস্টার আবদুল কাদের, শেখুল আরেফিন এবং হিসাব সহকারী শফিকুল ইসলাম।
তারা বলেন, “গত ১৫ বছরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কয়েকগুণ বৃদ্ধি পেলেও তাদের বেতন-ভাতা তেমনভাবে বাড়েনি। এতে কর্মকর্তা-কর্মচারীরা চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ করে দাবি বাস্তবায়ন না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে”।
পাশাপাশি দাবি আদায় না হলে আসন্ন নির্বাচনে ভোট না দেওয়ার আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত কর্মচারীরা।