প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৫৭ এএম
তারেক রহমানের পক্ষে ভোট চাইছেন আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি। রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনি এলাকায় থেকে তোলা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জমে উঠেছে ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচার। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রতিদিনই দলটির নেতাকর্মীরা আসনটিতে গণসংযোগ করছেন। প্রচারে গতি এনেছেন আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান সিঁথি। রবিবার বিকালে বনানীর টিঅ্যান্ডটি কলোনিতে স্থানীয় এলাকাবাসীদের নিয়ে উঠোন বৈঠক করেন শামিলা রহমান। এ সময় বৈঠকে উপস্থিত নারীদের কাছে তারেক রহমানের জন্য ভোট ও দোয়া চান তিনি।
শামিলা রহমান বলেন, ধানের শীষের পক্ষে জনগণের সাড়া দেখে আমরা অভিভূত। ইনশাআল্লাহ জনগণের ভোটে আগামী দিনে বিএনপিই সরকার গঠন করবে। পরে তিনি বাড্ডা নতুন বাজার সংলগ্ন গির্জায় গিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের সঙ্গে নির্বাচন নিয়ে কথা বলেন। তারেক রহমানের জন্য সকলের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন কোকোপত্নী।
এদিন নির্বাচনী প্রচারে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ব্যারিস্টার মেহনাজ মান্নানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে শনিবার শাহজাদপুর সুবাস্তু নজরভ্যালি মার্কেট ও গুলশান এলাকার ডিএনসিসি মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করেন সিঁথি।
এদিকে রবিবার মহাখালী এলাকায় গণসংযোগ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম। এ সময় তিনি বলেন, তারেক রহমান জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন। বিএনপি চেয়ারম্যান প্রচারে অংশ নিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছুটে বেড়াচ্ছেন। ঢাকা-১৭ আসনের ভোটাররাও তার পক্ষেই রয়েছেন।
আবদুস সালাম বলেন, বিএনপি ও তারেক রহমানকে ঠেকাতে নানা অপপ্রচার চলছে। কেউ কেউ দাবি করছেÑ ঢাকা শহরের সব আসন তারা দখল করে নিয়েছে এবং বিএনপি একটি আসনও পাবে না। তিনি বলেন, এসব বক্তব্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। অতীত ইতিহাসই বলে দেয়Ñ জনগণ কাকে ভোট দিয়েছে। যারা বিএনপির সঙ্গে ছিল, তারা জামানত রক্ষা করেছে। আর যারা বিএনপির বাইরে ছিল, তারা জামানত হারিয়েছে। ঢাকা শহরে অতীতেও বিএনপি সব আসনে বিজয়ী হয়েছে। আবদুস সালাম বলেন, নির্বাচনে দাঁড়িয়ে এমন প্রার্থীও দেখা যায়Ñ যারা শত ভোটও পায় না, অথচ তারা বিপুল ভোটে জয়ের দাবি করে। কিন্তু জনগণ জানে কে নির্বাচিত হবে।