প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৫ পিএম
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ তদন্ত করে দেখছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ক্রাইম ইউনিট।
ডিবির সাইবার ক্রাইম ইউনিটের জয়েন্ট কমিশনার সৈয়দ হারুন অর রশীদ রবিবার এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন।
তিনি বলেন, “ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এখন যাচাই করা হচ্ছে এটি সত্যিই হ্যাক হয়েছে কি না। যদি হ্যাক হয়ে থাকে, তাহলে কারা এবং কীভাবে হ্যাক করেছে, তা তদন্ত করা হবে।”
সম্প্রতি জামায়াত আমিরের এক্স হ্যান্ডল থেকে নারীদের নিয়ে একটি অবমাননাকর পোস্ট ছড়িয়ে পড়ে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এ ঘটনায় জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম শনিবার রাতে দাবি করেন, শনিবার বিকেল আনুমানিক ৪টার দিকে জামায়াত আমিরের ব্যক্তিগত এক্স অ্যাকাউন্ট হঠাৎ করে হ্যাক হয়।
তিনি জানান, এর কিছুক্ষণ পর বিকেল সাড়ে ৪টার দিকে ওই অ্যাকাউন্ট থেকে নারীদের উদ্দেশে একটি অবমাননাকর ও অপ্রত্যাশিত পোস্ট করা হয়। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে দলের সাইবার টিম অ্যাকাউন্ট উদ্ধারে কাজ শুরু করে এবং বিকেল ৫টার পর পুনরায় অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়।
সিরাজুল ইসলাম বলেন, “দ্রুততম সময়ে বিতর্কিত পোস্টটি সরিয়ে ফেলা হলেও এর আগেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ে এবং অপপ্রচার শুরু হয়”।
এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও তিনি জানান।