প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬ ১৬:৩২ পিএম
ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। ছবি: বাসস
যুক্তরাষ্ট্রের নতুন ‘ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম’ কীভাবে কার্যকর হবে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে সোমবার প্রকাশিত এক পোস্টে এই কর্মসূচির ধাপগুলো তুলে ধরা হয়।
ভিসা বন্ড হলো এক ধরনের আর্থিক জামানত। কোনো কোনো দেশ নির্দিষ্ট বিদেশি নাগরিকদের সাময়িক ভিসা দেওয়ার আগে কিছু অর্থ জমা নিয়ে থাকে যেন তারা ভিসার শর্ত, বিশেষ করে থাকার সময়সীমা মেনে চলেন।
দূতাবাসের দেওয়া তথ্য অনুযায়ী-
গত ৭ই জানুয়ারি বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা স্থগিতের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। একই সঙ্গে বাংলাদেশকে ‘ভিসা বন্ড’ পাইলট প্রোগ্রামের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
এই তালিকায় যুক্ত হওয়ায় বাংলাদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে ৫ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড বা জামানত জমা দিতে হতে পারে।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছিলো, এই পাইলট প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যারা অবৈধভাবে থেকে যান, তাদের নিরুৎসাহিত করা।
যেসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে গিয়ে ফিরে না আসার হার তুলনামূলক বেশি, মূলত সেসব দেশকেই এই কর্মসূচির আওতায় আনা হয়েছে।
এই খবরের মধ্যেই বাংলাদেশিদের জন্য ভিসা নীতিতে আবার নতুন শর্তের কথা জানালো যুক্তরাষ্ট্র দূতাবাস।