লালমনিরহাট প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬ ১৭:৩৬ পিএম
লালমনিরহাটের হাতীবান্ধায় রবিবার নির্বাচনি প্রচারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
লালমনিরহাটের হাতীবান্ধায় নির্বাচনি প্রচারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কাসাইটাড়ি এলাকায় রবিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনি প্রচারের সময় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি।
সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এইচ এম রকিব হায়দার এবং জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।
সংঘর্ষের বিষয়ে বিএনপি ও জামায়াত উভয় পক্ষই একে অপরকে দায়ী করেছে।
জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, “বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটেছে। আমরা ঘটনাস্থলে রয়েছি এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে”।
বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।