প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬ ১৭:২৭ পিএম
ঢাকার ধানমন্ডি কার্যালয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে টিআইবি। ছবি: ভিডিও থেকে নেওয়া
আসন্ন সংসদ নির্বাচনে স্থাবর–অস্থাবর সম্পদের বর্তমান মূল্যের ভিত্তিতে প্রার্থীদের ৮৯১ জন কোটিপতি এবং শতকোটির মালিক ২৭ জন।
ঢাকার ধানমন্ডিতে
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কার্যালয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন
করে তাদের ‘নির্বাচনি হলফনামায় প্রার্থী পরিচিতি: ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬’ শীর্ষক
প্রতিবেদনের এ তথ্য তুলে ধরা হয়েছে। প্রার্থীদের হলফনাফা বিশ্লেষণ করে এই প্রতিবেদন
তৈরি করা হয়েছে বলে সেখানে জানানো হয়।
টিআইবির কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম তথ্য তুলে ধরেন। এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজজামান বক্তব্য দেন।
সেখানে আরও বলা হয়,
আসন্ন নির্বাচনে বিএনপির মোট প্রার্থীর মধ্যে ৫৯ দশমিক ৪১ শতাংশ প্রার্থী ‘ঋণগ্রস্ত’।
আর প্রার্থীদের মোট ঋণের পরিমাণ টাকার অঙ্কে ২০০৮ সাল থেকে হওয়া চারটি নির্বাচনের তুলনায়
সর্বোচ্চ দেখা যাচ্ছে।
টিআইবি বলছে, ঋণগ্রস্ত
প্রার্থীর শতকরা হার আগেকার তুলনায় কমলেও ঋণের পরিমাণ দেখলে সেটি প্রায় ১৯ হাজার কোটি
টাকার কাছাকাছি। এটি ২০২৪ সালের নির্বাচনের সময় ছিল ১৭ হাজার ৪৯৬ কোটি টাকার কিছু বেশি।
আগেকার এ হিসাব আরও কম ছিল।
প্রতিবেদনে উল্লেখ
করা হয়েছে, ঋণ বা দায়ের পরিমাণ বিবেচনায় শীর্ষ ১০ প্রার্থীর ৮ জনই বিএনপির এবং বাকি
দুজন স্বতন্ত্র। এই ১০ জনের মধ্যে শীর্ষে ৩ হাজার ১৫৫ কোটি টাকার বেশি ঋণ রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার
স্বতত্র একজন প্রার্থী। হাজার কোটি ছাড়ানো ঋণের বিবেচনায় এর পরের ৪ জন প্রার্থীই বিএনপির।
এছাড়া শীর্ষ দলগুলোর
কোটিপতি প্রার্থীতেও এগিয়ে বিএনপি; সম্পদের বিবেচনায় দলটির ৭১ দশমিক ৮৬ শতাংশ প্রার্থী
কোটিপতি হিসেবে বিশ্লেষণ করেছে টিআইবি।
সংস্থাটি বলছে, স্থাবর–অস্থাবর সম্পদের বর্তমান মূল্যের ভিত্তিতে এবার প্রার্থীদের ৮৯১ জন
কোটিপতি এবং শতকোটির মালিক ২৭ জন।