প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬ ১৭:৫৭ পিএম
ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মঙ্গলবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে নিকারের সভা হয়। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং
ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন থানা থেকে লুট হওয়া ও অবৈধ অস্ত্র দ্রুত উদ্ধারের তাগাদা দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
ঢাকায় রাষ্ট্রীয়
অতিথি ভবন যমুনায় মঙ্গলবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির
(নিকার) ১১৯তম সভায় প্রধান উপদেষ্টা এ নির্দেশনা দেন। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে
এটি নিকার প্রথম সভা।
সভায় ছয় উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিবসহ সরকারের ১৪ জন সচিব উপস্থিত ছিলেন। নিকারের সভায় চারটি নতুন থানাসহ প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত মোট ১১টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক শেষে ফরেন সার্ভিস
একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের বিভিন্ন তথ্য সাংবাদিকদের
কাছে তুলে ধরেন।
সভায় প্রধান উপদেষ্টা
আবারও আসন্ন জাতীয় নির্বাচনের প্রসঙ্গ তুলে অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারের ওপর জোর
দিয়েছেন বলে জানান প্রেস সচিব।
প্রধান উপদেষ্টাকে
উদ্ধৃত করে তার প্রেস সচিব বলেন, “লুট করা অস্ত্র যে করেই হোক ইলেকশনের আগে যত দ্রুত
পারা যায়, এগুলোকে উদ্ধার করতে হবে।”
ত্রয়োদশ জাতীয় সংসদ
নির্বাচন ও গণভোট একসঙ্গে হবে আগামী ১২ ফেব্রুয়ারি। মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের
শেষ দিনে চূড়ান্ত হবে ভোটের লড়াইয়ে কতজন থাকছেন। বুধবার প্রতীক বরাদ্দ করা হবে, পরদিন
প্রার্থীরা প্রচার মাঠে নামছেন।
কদিন ধরে রাজনৈতিক
দলগুলো নির্বাচনি আচরণবিধি ও ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিয়ে নির্বাচন কমিশন অভিযোগ-পাল্টা
অভিযোগ করে আসছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। প্রধান উপদেষ্টার
সঙ্গে সাক্ষাৎ করেও তারা বিষয়গুলো তুলে ধরছেন। বিভিন্ন অভিযোগ তুলে কোনো কোনো দল নির্বাচন
থেকে সরে দাঁড়ানোর চিন্তা করছে, এমন খবর এসেছে।
এ অবস্থায় নিকারের
বৈঠকে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
উপ-প্রেস সচিব আবুল
কালাম আজাদ মজুমদার বলেন, আসন্ন জাতীয় নির্বাচন এবং গণভোট উপলক্ষে সারা দেশের প্রায়
৪২ হাজার ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে সরকার
পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছে, ৬ হাজার ৫৫২টি কেন্দ্রে আগে থেকেই সিসিটিভি ক্যামেরা
রয়েছে।
উপ-প্রেস সচিব বলেন,
অতি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ২১ হাজার ৯৪৬টি ভোটকেন্দ্রে সিসিটিভি
ক্যামেরা বসাতে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। এ জন্য অর্থ মন্ত্রণালয় থেকে ৭১ কোটি ৯৮
লাখ ২৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এসব কেন্দ্রে প্রতিটিতে কমপক্ষে ছয়টি করে সিসিটিভি
ক্যামেরা বসানো হবে। বাকি কেন্দ্রগুলোতে স্থানীয় প্রশাসনের উদ্যেগে এবং তাদের অর্থায়নে
সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। এ কার্যক্রম ইতোমধ্যে সব জেলায় শুরু হয়েছে এবং জোরেসোরে
চলছে। কয়েকটি জেলায় শতভাগের কাছাকাছি কেন্দ্রে ক্যামেরা বসানো হয়ে গেছে।
গাজীপুর জেলার অগ্রগতির
কথা তুলে ধরে উপ-প্রেস সচিব বলেন, সেখানে মোট ৯৩৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৪৭টিকে ঝুঁকিপূর্ণ
হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বিশেষ বরাদ্দের আওতায় অধিকাংশ স্থানে সিসিটিভি
ক্যামেরা বসানো হয়েছে। বাকি কেন্দ্রগুলোতেও ৩১ জানুয়ারির মধ্যে ক্যামেরা স্থাপন করা
হবে।
তিনি বলেন, সারা
দেশে ২৯৯টি ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই। এসব কেন্দ্রে সৌরবিদ্যুৎ সরবরাহের উদ্যোগ
নেওয়া হয়েছে এবং প্রয়োজনে জেনারেটরের মাধ্যমে ভোটের দিন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে
স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের
নিরপেক্ষতা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগের প্রসঙ্গ ধরে এক প্রশ্নে সরকারের অবস্থান
তুলে ধরে প্রেস সচিব বলেন, নির্বাচন আয়োজনের জন্য কমিশনকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা
দেওয়া হচ্ছে। একটি ‘সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর’ নির্বাচন আয়োজনই সরকারের
দায়িত্ব।
নির্বাচন সংক্রান্ত
আরেক প্রশ্নে শফিকুল আলম বলেন, নির্বাচন নিয়ে কোনো রকমের অনিশ্চয়তা নেই এবং নির্ধারিত
সময়েই ভোট হবে।
“নির্বাচন ১২ ফেব্রুয়ারি
হবে, একদিন আগেও না, একদিন পরেও না এবং খুব সুন্দরভাবে হবে” বলেন তিনি।
ব্রিফিংয়ে জানানো
হয়, জুলাই গণঅভ্যুত্থান বিষয়ে গঠিত অধিদপ্তরকে ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি
জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা বিভাগ একীভূত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুনর্গঠনের বিষয়টিও
ভূতাপেক্ষ অনুমোদন পেয়েছে।
প্রেস সচিব বলেন,
বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির অধীনে ৫০টি থানা রয়েছে, যা একটি ‘বিশাল কর্মযজ্ঞ’।
এই কাঠামোকে আরও কার্যকর করতে ডিএমপিকে উত্তর ও দক্ষিণসহ একাধিক অংশে ভাগ করা যায় কি
না, সে বিষয়ে আলোচনা হয়েছে। তবে বৈঠকে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বাসসের প্রতিবেদনে
বলা হয়েছে, গাজীপুর জেলায় পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলায় পুর্বাচল দক্ষিণ, কক্সবাজার
জেলায় মাতারবাড়ী নামে তিনটি নতুন থানা স্থাপনের প্রস্তাব সভায় অনুমোদিত হয়েছে। এছাড়া
নরসিংদী জেলায় রায়পুরাকে ভেঙে আরও একটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়। এছাড়া,
ঠাকুরগাঁও জেলায় ‘ভুল্লী’ থানার নামের বানান সংশোধন করে ‘ভূল্লী’ প্রতিস্থাপন করার
প্রস্তাব অনুমোদিত হয়।
চট্টগ্রামের জঙ্গল
ছলিমপুরে অভিযানের সময় হামলায় র্যাবের একজন কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় বাহিনীর মনোবল
ও নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নে প্রেস সচিব বলেন, “এটা আমাদের, আজকে এই বিষয়েও আলাপ
হয়েছে। এখানে জঙ্গল ছলিমপুরে যে কাজটা হয়েছে, খুবই জঘন্য একটা কাজ এবং এটা আমরা নিন্দা
জানাই”।
তিনি বলেন, “এই ঘটনার
পর ওই এলাকায় আরও জোরদারভাবে অভিযান চালানো হবে। সমস্ত বাহিনী একত্রিত হয়ে ‘কম্বাইন্ড
অপারেশন’ হবে। যারা এটার সঙ্গে জড়িত ছিলেন, যত ক্ষমতাবানই হোন না কেন, প্রত্যেককে
গ্রেপ্তার করা হবে”।
এছাড়া ওই এলাকায়
থাকা লুটের অস্ত্র উদ্ধারে ‘কম্বিং অপারেশনের মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করা হবে’, বলেন
প্রেস সচিব।
বাহিনীর সদস্যদের
মনোবলের ওপর এ ঘটনার কোনো প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, “না, বরং
আমি মনে করি, এটা তাদের সংকল্পকে আরও শক্তিশালী করবে।”
প্রেস সচিব জানান,
সরকারের রাজস্ব আহরণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি এবং গতিশীলতা বৃদ্ধিকরণের লক্ষ্যে
অর্থ মন্ত্রণালয়ের আওতায় ‘রাজস্ব নীতি বিভাগ’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে
দু’টি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে।
এ বিষয়ে ইতোমধ্যে
রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছে।
নিকার সভায় ‘স্বাস্থ্য
সেবা বিভাগ’ ও ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’ দু’টিকে একত্রীকরণের মাধ্যমে
‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ পুনর্গঠন করার প্রস্তাব অনুমোদিত হয়। এছাড়া,
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার প্রস্তাব
অনুমোদিত হয়। তবে এ মন্ত্রণালয়ের ইংরেজি নাম (মিনিস্ট্রি অব উইম্যান এন্ড চিলড্রেন
এফেয়ার্স) অপরিবর্তিত থাকবে।
পরিবেশগত বৈশ্বিক
ঐতিহ্য, পর্যটন এবং অর্থনৈতিক সম্ভাবনার বিবেচনায় সাতক্ষীরা জেলাকে ‘বি’ ক্যাটাগরির
জেলা থেকে ‘এ’ ক্যাটাগরির জেলায় উন্নীত করার প্রস্তাব সভায় অনুমোদিত হয়েছে।