প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬ ২১:৫৫ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬ ২২:১৯ পিএম
জাতীয় পতাকা নিয়ে বিশেষ প্যারাস্যুট জাম্পে অংশগ্রহণকারী প্যারাট্রুপার। ছবি: বাসস
বিজয় দিবসে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে বিশেষ প্যারাস্যুট জাম্প করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে বাংলাদেশ। একসঙ্গে সর্বাধিক ৫৪টি জাতীয় পতাকা নিয়ে প্যারাস্যুটিং করে এই রেকর্ড গড়া হয়।
গিনেস কর্তৃপক্ষ রেকর্ডের বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিজয়ের মাসে বাংলাদেশ পেল এক অনন্য আন্তর্জাতিক সম্মান। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে, ১৬ ডিসেম্বর ২০২৫, মহান বিজয় দিবসে ঢাকায় অনুষ্ঠিত একটি বিশেষ প্যারাস্যুট জাম্প অভিযানের মাধ্যমে বাংলাদেশ একসঙ্গে সর্বাধিক ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের বিশ্ব রেকর্ড গড়েছে।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাহসী ও দক্ষ স্কাইডাইভারদের অংশগ্রহণে এই ব্যতিক্রমী অভিযানে আকাশে ভেসে ওঠে লাল-সবুজের ৫৪টি পতাকা। এ অভিযানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ প্রশিক্ষিত প্যারাট্রুপাররা ছিলেন। পুরো উদ্যোগটি পরিকল্পনা ও বাস্তবায়ন করে সশস্ত্র বাহিনী বিভাগ।”
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে বলা হয়, “মোস্ট ফ্লাগস ফ্লোওন সিমুলটেনিয়াসলি হোয়াইল স্কাইডাইভিং (প্যারাস্যুট জাম্প)’ শিরোনামে এই রেকর্ডটি অর্জন করে টিম বাংলাদেশ। ২০২৫ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকায় ৫৪টি পতাকা নিয়ে লাফিয়ে এই রেকর্ড অর্জন করা হয়।”
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠায় উচ্ছ্বাস প্রকাশ করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকীতে দুর্বৃত্তের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ছবি সম্বলিত হেলমেট মাথায় এই ঐতিহাসিক ইভেন্টে অংশ নিয়েছিলেন আশিক চৌধুরী। রেকর্ড গড়া সেই স্কাইডাইভিংয়ে তার সাথে অংশ নিয়েছিলেন আরও ৫৩জন প্যারাট্রুপার।