× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুয়াডাঙ্গায় হেফাজতে বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার ও তদন্তে কমিটি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬ ১৭:২০ পিএম

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬ ১৭:৩৭ পিএম

শামসুজ্জামান ডাবলু। ফাইল ফটো

শামসুজ্জামান ডাবলু। ফাইল ফটো

চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর ‘ডেভিল হান্ট-২’ ফেজের অভিযানে আটকের পর বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় বিক্ষোভ করে দলের জেলা পর্যায়ের নেতাকর্মীরা অভিযোগ করছে, এটি ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’।

এ নিয়ে ব্যাপক আলোচনা শুরুর পর মঙ্গলবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সেখানকার ক্যাম্প কমান্ডার ও অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্যকে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে। 

ঘটনার সঠিক কারণ উদঘাটনের উদ্দেশ্যে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটিও গঠন করার কথা জানিয়েছে আইএসপিআর। 


 ‘অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে’ সোমবার রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনীর একটি দল জীবননগর পৌর এলাকায় অভিযান চালানোর এক পর্যায়ে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত তার ব্যবসাপ্রতিষ্ঠান ‘হাফিজা ফার্মেসি’ থেকে আটক করা হয় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়।

পরে রাত ১০টার পর ডাবলুকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকবুল হোসেন বলেন, “সুরতহালে মরদেহের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।”

জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় মঙ্গলবার উপজেলা সদরের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপি নেতা-কর্মীরা। 

বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ ঘটনাস্থলে আসেন। বিক্ষুব্ধ নেতা-কর্মীদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন।

এ সময় বাবু খান ঘটনার সঠিক তদন্ত করে বিচারের দাবি করেন। তিনি বলেন,  “আপনারা কেউ আইন হাতে তুলে নিবেন না। এ ঘটনার বিচার হবে।”

এদিন দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন ও পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠান।

পুলিশ সুপার বলেন, “এই মৃত্যুতে আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। এ ঘটনায় মামলা হবে। পুলিশবাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ আইনি সহযোগিতা দেওয়া হবে।” 

জেলা প্রশাসক  বলেন, “সুরতহাল রিপোর্ট আমি পেয়েছি। ময়নাতদন্ত হবে। সঠিক বিচারের দায়িত্ব আমি নেব।”

যা বলছে আইএসপিআর

জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় মঙ্গলবার দুপুর ২টা ৫৯ মিনিটে ফেইসবুক পেইজে এক বিবৃতি দিয়েছে আইএসপিআর। 

‘চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর অভিযান চলাকালে আটককৃত ব্যক্তির মৃত্যুবরণ প্রসঙ্গে’ দেওয়া এ বিবৃতিতে ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’ বলে উল্লেখ করা হয়েছে। 

সেখানে বলা হয়েছে, “গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক রাত ১১টায় চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে যৌথ বাহিনী কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

“অভিযানকালে, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ফার্মেসি দোকান থেকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মো. শামসুজ্জামান ওরফে ডাবলুকে (৫০) আটক করা হয়। পরবর্তীতে, আটককৃত ব্যক্তির প্রদত্ত তথ্যের ভিত্তিতে টহল দল উক্ত ফার্মেসিতে তল্লাশি পরিচালনা করে ১টি ৯ মি. মি. পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে।” 

“অভিযান শেষে আটককৃত ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে, আনুমানিক রাত ১২টা ২৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

বিবৃতিতে বলা হয়েছে, “এই ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইতোমধ্যে উক্ত ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও অভিযানে অংশগ্রহণকারী সকল সেনা সদস্যদেরকে সেনানিবাসে প্রত্যাহার এবং সঠিক কারণ উদঘাটনের উদ্দেশ্যে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

‘ডেভিল হান্ট’ অভিযান শুরু যেভাবে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি গত ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার পরের দিন ১৩ ডিসেম্বর রাত থেকে পুলিশের বিভিন্ন ইউনিট ও সেনাবাহিনী ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামের বিশেষ অভিযান শুরু করে।

এর আগে সেদিন আইনশৃঙ্খলাবিষয়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভায় জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধার করাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ‘ফ্যাসিস্টদের’ দমনে এ অভিযান শুরু করার সিদ্ধান্ত হয়।  

এর আগে গত ৮ ফেব্রুয়ারি সারা দেশে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করা হয়েছিল। আগের দিন ৭ ফেব্রুয়ারি গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে অনুষ্ঠিত সভায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গাজীপুরসহ সারা দেশে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা