বাসস
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬ ২১:৪৭ পিএম
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: বাসস
মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত ‘ভিসা বন্ড’ বা জামানতের শর্ত থেকে অব্যাহতি পেতে বাংলাদেশ কূটনৈতিক প্রচেষ্টা চালাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, “যুক্তরাষ্ট্র যে সিদ্ধান্ত নিয়েছে, সেটি শুধু বাংলাদেশের জন্য নয়। অনেক দেশের ক্ষেত্রেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
“অভিবাসন ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থার অপব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ রয়েছে। এ কারণে যদি কিছু দেশের ওপর তারা বিধিনিষেধ আরোপ করে এবং তার মধ্যে বাংলাদেশ থাকে, তাহলে সেটা আমার কাছে খুব অস্বাভাবিক মনে হয় না। তবে, এটি অবশ্যই দুঃখজনক এবং আমাদের জন্য কষ্টকর।”
এই অনিয়মিত অভিবাসন সমস্যা পলিসি রিলেটেড এবং দীর্ঘদিন ধরে চলমান বলে উল্লেখ করেন তিনি।
অন্তর্বর্তী সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, “সরকার শুরু থেকেই অনিয়মিত অভিবাসনের বিরোধিতা করে আসছে এবং এ ধরনের অভিবাসন বন্ধ করাই একমাত্র টেকসই সমাধান।”
ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অভিবাসীদের মৃত্যু বা উদ্ধারের ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, “ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে মানুষের মৃত্যু বা উদ্ধার হওয়ার খবর নিয়মিত প্রকাশিত হচ্ছে। তারা ভিকটিম, তাদের প্রতি আমাদের সম্পূর্ণ সহানুভূতি আছে। তবে, একই সঙ্গে আইনও লঙ্ঘিত হচ্ছে।”
ভিসা বন্ডের প্রেক্ষাপট
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশসহ ৩৮টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে আবেদন করার সময় সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড বা জামানত জমা দিতে হবে। গত বছরের আগস্টে প্রাথমিকভাবে ছয়টি দেশকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। পরবর্তী সময়ে আরও সাতটি দেশ যুক্ত হয় এবং সবশেষ মঙ্গলবার বাংলাদেশসহ আরও ২৫টি দেশকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে জানানো হয়েছে, নতুনভাবে যুক্ত হওয়া দেশগুলোর জন্য এই শর্ত আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে। তবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে শিথিলতার সুযোগ থাকতে পারে।