প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬ ১৭:৫০ পিএম
ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম। ছবি: বাসস
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলাম, তার স্ত্রী শায়লা শগুফতা ইসলাম ও কন্যা বুশরা আফরীনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এদিন দুদকের উপ-পরিচালক ও তদন্ত কর্মকর্তা মো. সাইদুজ্জামান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়, সাবেক মেয়র আতিকুল ইসলাম ও অন্যান্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও টেন্ডারে অনিয়মের মাধ্যমে মশার লার্ভা নিধনের ঔষুধ ছিটানোর যন্ত্র কিনে সরকারি অর্থ অপচয় ও দুর্নীতি, অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগের অনুসন্ধান চলছে।
দুদকের অনুসন্ধানে জানা যায়, আতিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের নামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরে- কানাডা, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে।
আতিক ও তার স্ত্রী-কন্যা বিদেশে পালিয়ে গিয়ে স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন মর্মে জানা যায়। বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধানকাজে ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আনা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ্য করা হয়।
২০২৪ সালের ১৬ অক্টোবর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে সাবেক মেয়রকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। সে সব মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে দফায় দফায় রিমান্ডেও নেওয়া হয়।