বাসস
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬ ২১:০০ পিএম
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। ছবি: সংগৃহীত
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি বিভাগের শূন্য পদগুলোতে ৬৭ হাজার শিক্ষক নিয়োগ দিয়ে যাবে বর্তমান অন্তর্বর্তী সরকার।
সচিবালয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে সোমবার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা সি আর আবরার বলেন, এই সরকারের অন্যতম প্রতিশ্রুতি দেশের বেকারত্ব দূর করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উপযুক্ত শিক্ষক নিয়োগ করা। সেটি পূরণে আরও কাজ করছে সরকার।
তিনি বলেন, বাংলাদেশের স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটি আদর্শ শূন্য পদ রয়েছে। এসব শূন্য পদ পূরণে যোগ্য লোকদের নিয়োগ দেওয়ার লক্ষ্যে এনটিআরসি’কে অনুমোদন দেয়া হয়েছে। আজকালের মধ্যে এনটিআরসি সেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে।
শিক্ষা উপদেষ্টা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে আজকের শিক্ষাকরাই আগামী দিনে কাজ করবে। এজন্য যোগ্য প্রার্থীদের শিক্ষকতা পেশায় অন্তর্ভুক্ত হওয়া জরুরি। আমরা বিশ্বাস করি এই নিয়োগের ফলে একদিকে যেমন দেশের বেকারত্ব সমস্যার সমাধান হবে পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে তরুণ এবং মেধাবীরা জায়গা করে নিতে পারবে।
তিনি বলেন, আমাদের অন্তর্বর্তী সরকারের একটা লক্ষ্য ছিল শূন্য পদে দ্রুত নিয়োগ সম্পন্ন করা এবং তারই ধারাবাহিকতায় আমরা ৬৭ হাজারের বেশি শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি, সেই ব্যাপারে গণবিজ্ঞপ্তি আগামীকালের মধ্যেই হবে।
উপদেষ্টার দেওয়া তথ্য অনুযায়ী শূন্য পদগুলোর মধ্যে রয়েছে- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে অধীন ২৯ হাজার ৩২৫টি, কারিগরি শিক্ষা অধিদপ্তরে অধীন ৮৩৩টি এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরে ৩৬ হাজার ৮০৪টি এই মোট ৬৬ হাজার ৯৬২টি।
উপদেষ্টা বলেন, শিক্ষাখাতকে আরও গতিশীল করে মান উন্নয়নের ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ বড় রকমের একটা ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। আর আমরা এটাও বিশ্বাস করি যে এই যে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা ও আস্থার সঙ্গে শেষ করে দিয়ে যেতে পারব।