শেখ সাদী
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬ ১১:০৬ এএম
বেশ কিছুদিন ধরেই ঢাকা-দিল্লি সম্পর্কে এক ধরনের উত্তাপ দেখা যাচ্ছিল। সম্পূর্ণ রাজনৈতিক হস্তক্ষেপে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএলে দল থেকে বাদ দেওয়ার ঘটনার পর দুদেশের সম্পর্কের টানাপড়েন নিয়েছে উচ্চমাত্রা। ক্রিকেটকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে ওঠার ঘটনা বারবারই ঘটিয়েছে ভারত ও পাকিস্তান। আইপিএলে পাকিস্তানি ক্রিকেটার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। রাজনৈতিক হস্তক্ষেপের কারণে অনেক বছর ধরেই ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররাই প্রতিদ্বন্দ্বী দেশে সফর করার সুযোগ পান না। এবার মোস্তাফিজ ইস্যু ধরে বাংলাদেশকে সেই ক্রিকেট রাজনীতিতে টেনে আনল ভারত। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে জরুরি কিছু পদক্ষেপ নিতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও। তার মধ্যে অন্যতম হচ্ছে, বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত।
মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরই প্রশ্ন ওঠেÑ যেখানে একজন ক্রিকেটারের নিরাপত্তা নেই, সেখানে বাংলাদেশের পুরো দল কীভাবে খেলবে? বাস্তবে সেটাই হলো। আগামী ফেব্রুয়ারি মাসে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)। ভারতের পরিবর্তে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এ ছাড়াও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের প্রতি বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের আহ্বান জানান আইন ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। অন্যদিকে ভারতের এমন বৈরি মনোভাবে প্রতিবাদমুখর হয়ে উঠেছেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার উত্তাপ ছড়িয়ে পড়েছে।
মোস্তাফিজ ইসুতে গতকাল রবিবার বিসিবি পরিচালকদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের একটি জরুরি সভা রবিবার বিকালে অনুষ্ঠিত হয়। সভায় ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিষ্ঠেয় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সংক্রান্ত সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। পর্ষদ গত ২৪ ঘণ্টার মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে পর্যালোচনা করে এবং ভারতে অনুষ্ঠেয় ম্যাচগুলোতে বাংলাদেশের জাতীয় দলের অংশগ্রহণ ঘিরে সৃষ্ট সামগ্রিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। বর্তমান পরিস্থিতির পূর্ণাঙ্গ মূল্যায়ন, ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বাড়তে থাকা উদ্বেগ এবং বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনায় নিয়ে পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে যে, বর্তমান অবস্থায় বাংলাদেশ জাতীয় দল টুর্নামেন্টে অংশ নিতে ভারতে ভ্রমণ করবে না।
এই সিদ্ধান্ত জানিয়ে বিসিবি এরই মধ্যে টুর্নামেন্টের আয়োজক কর্তৃপক্ষ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়েছে। চিঠিতে ভারতের মাটিতে নির্ধারিত বাংলাদেশের সব ম্যাচ অন্য কোনো দেশে সরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে টুর্নামেন্টের কর্তৃপক্ষ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে অনুরোধ জানিয়েছে, বাংলাদেশের সব ম্যাচ যেন ভারতের বাইরে কোনো ভেন্যুতে স্থানান্তর করার বিষয়টি বিবেচনা করা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আশা করছে, আইসিসি পরিস্থিতিটি যথাযথভাবে অনুধাবন করবে এবং এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানাবে।
বিসিবির সিদ্ধান্তকে স্বাগত জানালেন উপদেষ্টা আসিফ নজরুল
বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আইন, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, ‘বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।’
শক্ত অবস্থান নেওয়ার দৃঢ় অঙ্গীকার তথ্য ও সম্প্রচার উপদেষ্টার
বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করার বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গতকাল বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক মতবিনিময় সভায় কথা বলেছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোস্তাফিজ ও আইপিএল ইস্যুতে কথা বলেন উপদেষ্টা। এ সময় শক্ত অবস্থান নেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, ‘আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। বাংলাদেশ একটি শক্ত অবস্থান নেবে। এই সিদ্ধান্তের পেছনে কী আইনি ভিত্তি রয়েছে, আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি পর্যালোচনা ও প্রক্রিয়া যাচাই-বাছাই করছি। এরপর পদক্ষেপ নেব।’ এর আগে রিজওয়ানা হাসানের প্রতি বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের আহ্বান জানান আইন ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। গোলামির দিন শেষ উল্লেখ করে তিনি বিসিবিকে আসন্ন বিশ্বকাপের ভেন্যু ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় নিয়ে যেতে আইসিসিকে অনুরোধ করেছেন।
আইপিএল নিলাম থেকে মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ভারত সরকারের নোংরা রাজনীতির শিকার হয়ে মোস্তাফিজকে ছেড়ে দেয় কলকাতা। এ বিষয়ে রিজওয়ানা হাসান আরও বলেন, ‘কোন যুক্তিতে মোস্তাফিজকে খেলতে মানা করা হলো! যে যুক্তিতে মানা করা হচ্ছে, আমরা কোনোভাবেই তা গ্রহণ করতে পারি না। তাই আমাদের একটা প্রতিক্রিয়া দেখাতে হচ্ছে।’
খেলাকে রাজনীতির সঙ্গে না মেলানোর আহ্বান বাফুফে সভাপতির
এদিকে খেলাকে রাজনীতির সাথে মেলানোর এমন কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড পেজে দীর্ঘ এক স্ট্যাটাসে তাবিথ লিখেছেন, ‘আমি ভারতীয় কর্তৃপক্ষ এবং বিসিসিআইর প্রতি আহ্বান জানাই, খেলাধুলাকে রাজনীতিকরণ করা বন্ধ করুন। খেলাধুলার অসীম শক্তি আছে বিভেদ ভুলে মানুষকে এক করার। একে বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে আসুন একে পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধা তৈরির মাধ্যম হিসেবে ব্যবহার করি।’
মোস্তাফিজের ইসুতে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী নিজের ফেসবুকে লেখেন, ‘আইপিএলে মোস্তাফিজকে নিয়ে যা হয়েছে সেটা ন্যক্কারজনক। এর মধ্যে বাংলাদেশের নাগরিকরা ঘৃণার রাজনীতি দেখতে পেয়েছেন এবং ব্যথিত হয়েছেন। এই ঘটনাও একই মোটিভ দ্বারা প্রভাবিত কি না সেটা নিশ্চয় সংশ্লিষ্ট মহল খতিয়ে দেখবে।’ এ ছাড়া ফারুকী লেখেন, ‘ভবিষ্যতে আমাদের ক্রিকেট বা ফুটবল টিম সেখানে কতটা নিরাপদ এটাও দেখা হবে নিশ্চয়ই।’
আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ অবশ্য শ্রীলঙ্কাকে ভেন্যু হিসেবে দেওয়ার আহ্বান জানিয়েছে। যদিও আইসিসি এই আবেদনে সাড়া দেবে কি না তা সময়ই বলে দেবে।